×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকাবাইচের ছবি তুলে জাতীয় পুরস্কার পেলেন তিতুমীরের বিজয়

২০২৬ নভেম্বর ২৭ ১৫:২৯:১৭

নৌকাবাইচের ছবি তুলে জাতীয় পুরস্কার পেলেন তিতুমীরের বিজয়

নিজস্ব প্রতিবেদক: একটি নৌকাবাইচের মুহূর্ত। নৌকার গলুইয়ে দাঁড়িয়ে একদল মাঝি টানছেন দাঁড়। পানির ছিটা, পেশির টান আর প্রতিযোগিতার উত্তেজনা—সবকিছু মিলিয়ে ছবিতে যেন গতির এক জীবন্ত প্রকাশ। এমনই একটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজিত প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসবে প্রথম পুরস্কার পেয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বিজয় কৃষ্ণ পাল।

এই উৎসবে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী ২ হাজার ৭২১টি ছবি জমা দেন। সেখান থেকে বাছাই করা ৪৪টি ছবি নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনী। পাশাপাশি ডিজিটাল স্ক্রিনিংয়ে দেখানো হয় আরও ৫০টি ছবি।

গত ২০ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ের পুরস্কারজয়ী ছবিটি কেবল নৌকাবাইচের দৃশ্য তুলে ধরেনি; এতে ফুটে উঠেছে গতি, উত্তেজনা ও মুহূর্তের তীব্রতা। পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিজয়ের কাছে ফটোগ্রাফি কেবল ছবি তোলার শখ নয়, সময়কে ধরে রাখারও একটি বিশেষ মাধ্যম।

সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ফটোগ্রাফির শুরুর গল্প, পুরস্কারজয়ী ছবির পেছনের ভাবনা, পথচলার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিজয়। উঠে এসেছে একজন তরুণ আলোকচিত্রীর স্বপ্ন, অনুপ্রেরণা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ছবি তুলে গল্প বলার প্রচেষ্টা।

বিজয়ের ফটোগ্রাফির যাত্রা শুরু পরিবারের সদস্যদের ছবি তোলার মধ্য দিয়ে। ছোট ছোট মুহূর্ত, পরিবারের মানুষের হাসি কিংবা একসঙ্গে কাটানো বিশেষ সময় তাঁকে সময়ের মূল্য বুঝতে শিখিয়েছে। তাঁর উপলব্ধি হয়েছিল, জীবনের বিশেষ মুহূর্তগুলো একবার চলে গেলে আর ফিরে আসে না। তবে ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে পারলে সেগুলো স্মৃতি হয়ে বেঁচে থাকে। সময়কে ধরে রাখার সেই তাগিদ থেকেই ধীরে ধীরে ছবি তোলার প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর।

পরবর্তী সময়ে বিশ্বের খ্যাতিমান আলোকচিত্রীদের কাজ দেখতে দেখতে ফটোগ্রাফির প্রতি আগ্রহ আরও গভীর হয়। তাঁদের কাজ, ছবির ভাষা এবং মুহূর্তকে দেখার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তাঁকে অনুপ্রাণিত করে। সেই আগ্রহ থেকেই শুরু হয় নতুন পথচলা, যা এখনো অব্যাহত রয়েছে।

কুষ্টিয়ায় জন্ম ও বেড়ে ওঠা বিজয়ের স্কুল-কলেজের শিক্ষাজীবনও কেটেছে সেখানেই। পরে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে ভর্তি হন সরকারি তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে। বর্তমানে তিনি চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি দায়িত্ব পালন করছেন সরকারি তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি হিসেবে।

পড়াশোনা ও ফটোগ্রাফি—দুই ভিন্ন জগতের মধ্যে সমন্বয় কীভাবে করেন, এমন প্রশ্নে বিজয়ের উত্তরেও ছিল মজার ছোঁয়া। তাঁর কথায়, ‘Physics আর Photography-র মধ্যে খুব বেশি অক্ষরের পার্থক্য নেই কিন্তু!’

বিজয়ের প্রথম পুরস্কারজয়ী ছবিটির গল্প শুরু চলতি বছরের আগস্টে, কুষ্টিয়ার একটি নৌকাবাইচকে ঘিরে। নৌকাবাইচের একেবারে কাছাকাছি থেকে প্রতিযোগিতার রোমাঞ্চ, গতি ও অস্থিরতা অনুভব করার সুযোগ হয়েছিল তাঁর। সেই অভিজ্ঞতাই ছবিটির মূল অনুপ্রেরণা।

বিজয় চেয়েছিলেন, ছবিটি দেখার সময় দর্শক যেন কেবল দূর থেকে নৌকাবাইচের দৃশ্য না দেখেন; বরং নিজেরাও যেন সেই মুহূর্তের অংশ হয়ে ওঠেন। মাঝিদের দাঁড় টানার তীব্রতা, পানির ছিটা আর নৌকার ছুটে চলার অনুভূতি ছবির মধ্য দিয়ে দর্শকের কাছেও পৌঁছে যাক—এটাই ছিল তাঁর লক্ষ্য।

পুরস্কারজয়ী ছবির পেছনের ভাবনা জানাতে গিয়ে বিজয় বলেন, ‘আমি চেয়েছিলাম ছবির দর্শকও যেন নৌকার সেই চলমান উত্তেজনার মধ্যে নিজেকে দাঁড় করাতে পারে।’

ছবিটি তোলার মুহূর্তেই নিজের কাছে বিশেষ মনে হয়েছিল বিজয়ের। তবে সেটি পুরস্কার পাবে কি না, তা নিয়ে তখন ভাবেননি। অ্যালিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত প্রতিযোগিতার থিম ছিল ‘Decisive Moment’। নিজের তোলা ছবিটির সঙ্গে প্রতিযোগিতার থিমের মিল খুঁজে পেয়েছিলেন তিনি। সেই বিবেচনা থেকেই ছবিটি জমা দেন। শেষ পর্যন্ত বিচারকদের সম্মিলিত সিদ্ধান্তে প্রথম পুরস্কার অর্জন করেন।

তবে তাঁর কাছে ছবিটির গুরুত্ব কেবল পুরস্কারপ্রাপ্তিতে সীমাবদ্ধ নয়। যে মুহূর্তটি তিনি অনুভব করেছিলেন, সেটিকে ক্যামেরার ফ্রেমে যথাযথভাবে তুলে ধরতে পারার অভিজ্ঞতাই ছবিটিকে তাঁর কাছে বিশেষ করে তুলেছে।

একজন আলোকচিত্রীর বেড়ে ওঠার পেছনে যেমন নিজের চেষ্টা থাকে, তেমনি ভূমিকা রাখে আশপাশের মানুষের অনুপ্রেরণা। বিজয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ফটোগ্রাফির প্রতি আগ্রহ ধরে রাখতে পরিবারের সমর্থনকে বিশেষ গুরুত্ব দেন তিনি। বিশেষ করে তাঁর মা ও পরিবারের অন্য সদস্যরা সব সময় তাঁকে উৎসাহ দিয়েছেন। তাঁদের সমর্থন না থাকলে হয়তো ফটোগ্রাফি চালিয়ে যাওয়া সম্ভব হতো না বলে মনে করেন বিজয়।

এ ছাড়া আলোকচিত্রী ও বড় ভাই এনামুল কবিরের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা রয়েছে তাঁর। বিজয়ের কাজের ভালো-মন্দ দিক নিয়ে গঠনমূলক পরামর্শ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে পাশে থাকা—সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। নিজের কাজকে আরও ভালোভাবে বুঝতে ও উন্নত করতে এই দিকনির্দেশনা বিজয়কে সহায়তা করেছে।

ফটোগ্রাফির পথচলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি—এমন প্রশ্নে বিজয়ের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন। তিনি বলেন, সময়ের সঙ্গে ফটোগ্রাফির ভাষা, দৃষ্টিভঙ্গি ও চর্চা বদলে যায়। সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, নতুন কিছু শেখা এবং নিজের দৃষ্টিভঙ্গিকে সচল রাখাই বড় চ্যালেঞ্জ।

একই ধরনের ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিনিয়ত নতুনভাবে ভাবার চেষ্টা করেন তিনি। নিজের কাজের মূল্যায়ন এবং ভুল থেকে শেখার মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে চান। তাঁর কাছে ফটোগ্রাফি এমন একটি চর্চা, যেখানে শেখার কোনো শেষ নেই।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী হিসেবে জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন বিজয়ের কাছে আনন্দের পাশাপাশি গর্বের বিষয়। এ অর্জনের মাধ্যমে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তুলে ধরতে পারাকে তিনি বড় প্রাপ্তি হিসেবে দেখেন।

যাঁরা নতুন করে ফটোগ্রাফি শুরু করতে চান, তাঁদের জন্য বিজয়ের পরামর্শ হলো—নিজের প্রতি সৎ থাকা এবং নিজের ওপর বিশ্বাস রাখা। অন্যের কাজ দেখে অনুপ্রাণিত হওয়া ভালো, তবে সেই অনুপ্রেরণার মধ্যেও নিজের আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। ধৈর্য ধরে ছবি তোলা, নিজের কাজকে প্রশ্ন করা এবং নিয়মিত শেখার অভ্যাস একজন আলোকচিত্রীর স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পারে বলে মনে করেন তিনি।

জাতীয় পর্যায়ের এই স্বীকৃতিকে ফটোগ্রাফির পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন বিজয়। তবে এটিকে চূড়ান্ত গন্তব্য মনে করেন না তিনি। নির্দিষ্ট কোনো অর্জনের সীমারেখায় নিজেকে আটকে না রেখে যত দিন সম্ভব ছবি তুলে যেতে চান। খুঁজে যেতে চান জীবনের নতুন নতুন মুহূর্ত ও গল্প।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে বিজয় বলেন, ‘আমি ফটোগ্রাফি চালিয়ে যেতে চাই যতদিন শাটার বাটন প্রেস করার শক্তি অবশিষ্ট থাকে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত