×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়করণ করলেই শিক্ষার মান নিশ্চিত হবে না: শিক্ষামন্ত্রী

২০২৬ নভেম্বর ২৭ ১১:৫৪:৫৬

জাতীয়করণ করলেই শিক্ষার মান নিশ্চিত হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের পুরো শিক্ষাব্যবস্থাকে রাতারাতি জাতীয়করণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ জন্য প্রয়োজনীয় বাজেট সরকারের আছে কি না, তা বিবেচনার পাশাপাশি শিক্ষার মান নিশ্চিত ও নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থাকে সাধারণ মুদি দোকানের পণ্যের মতো বিবেচনা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আমার চেয়ে বেশি এ বিষয়ে আপনারা (সাংবাদিকরা) ভালো জানেন। আমি এটা করতে পারব কি পারব না, তা আপনাদের সবারই জানা। কিন্তু কিছু কিছু অনলাইন গণমাধ্যম বিষয়টি নিয়ে অযথা উসকানি দিচ্ছে এবং সমস্যাটিকে সামনে নিয়ে আসছে। আবার কিছু মানুষ হঠাৎ করে নেতা হওয়ার আশায় এগুলোতে ইন্ধন জোগাচ্ছেন।’

শিক্ষকদের বদলি চালুর সিদ্ধান্তের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের এক প্রান্তের শিক্ষক আরেক প্রান্তে গিয়ে পড়ে আছেন। কোনো শিক্ষক নিজ এলাকা থেকে দূরে থাকলে, আবাসন সুবিধা না পেলে এবং মানসিকভাবে বিপর্যস্ত ও কষ্টের মধ্যে থাকলে শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘আমি যদি মনে করি, আপনি পছন্দ দিয়েছেন, সরকার চাকরি দিয়েছে, ব্যস—এভাবেই চলতে থাকবে, তাহলে যেসব শিক্ষক মানসিকভাবে শান্তিতে নেই, তারা ক্লাসে ঠিকমতো পড়াতে পারবেন না। দিনশেষে ক্ষতিগ্রস্ত হব আমি। আমি এখানে সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে এসেছি, এই ব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে, পেছনে নিতে নয়।’

শিক্ষামন্ত্রী বলেন, এ কারণে তিনি একবারেই বদলি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছেন। কে অনশন করলেন বা কে বক্তৃতা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বদলির দাবি জানালেন, সেগুলো তিনি বিবেচনায় নিচ্ছেন না। বরং দেশের স্বার্থকেই তিনি গুরুত্ব দিচ্ছেন।

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কী করা সম্ভব আর কী সম্ভব নয়, তা সংশ্লিষ্টরা ভালোভাবেই জানেন। কিছু গণমাধ্যম বিষয়টি এমনভাবে উপস্থাপন করছে, যেন সবকিছু একসঙ্গে করে ফেলা সম্ভব। কিন্তু ঢালাওভাবে সবকিছু করা হলে শিক্ষার মান বজায় থাকবে কি না, সেই প্রশ্নও রয়েছে। শিক্ষার মান নিয়ন্ত্রণের বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখতে হবে।

শিক্ষক নিয়োগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিশ্চিত করার উদ্যোগের পেছনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দেশে অতিরিক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার প্রবণতা দেখতে পান। রাজশাহী বিভাগের একটি কলেজে মাত্র একজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থী থাকলেও প্রতিষ্ঠানটি ১৪ লাখ টাকা এমপিও সুবিধা পেত।

তিনি বলেন, তখনই শিক্ষকদের জন্য একটি সার্টিফিকেটের প্রয়োজনীয়তা অনুভব করেন। যাতে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে সেখানে সার্টিফায়েড শিক্ষক নিয়োগ দেওয়া যায়। সবার সঙ্গে আলোচনা ও বিষয়টি বুঝিয়ে ২০০৫ সালে এ উদ্যোগের যাত্রা শুরু করেন তারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত