ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
জুলাইয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়া সেই শিক্ষকের পদোন্নতি
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা এবং আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে সমালোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়েছেন। তাকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। সভায় দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি পান। তাদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পদোন্নতির পর উপাচার্যের কাছ থেকে ফুলেল শুভেচ্ছাও গ্রহণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় প্রক্টরের দায়িত্বে ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর। ওই সময় আন্দোলনে অংশ নেওয়ায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই বছরের ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগকে কেন্দ্র করে তখন থেকেই ক্যাম্পাসে অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠায় বিষয়টি আরও আলোচিত হয়। তবে অভিযোগগুলোর তদন্ত কিংবা জবাবদিহি নিশ্চিত না করেই পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
পদোন্নতি নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের
জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তোলা সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাদের পুলিশের গুলির মুখে ঠেলে দেওয়ার ঘটনা তিনি কাছ থেকে দেখেছেন।
নূর নবীর দাবি, ২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহীদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় হিসেবে তাকেও গুম করানো হয়েছিল। এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন বলে মন্তব্য করেন তিনি।
উপাচার্যের সমালোচনা করে নূর নবী আরও বলেন, এ ঘটনাকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন তিনি। প্রকাশ্যে সন্ত্রাসবিরোধী অবস্থান দেখালেও পর্দার আড়ালে নিপীড়কদের পুনর্বাসনের মাধ্যমে উপাচার্যের দ্বিচারিতা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা তারা ভুলে যাননি। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এ ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে আইনি পদক্ষেপ নেওয়ার এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান।
পদোন্নতি পুনর্বিবেচনার দাবি ছাত্রসংগঠনগুলোর
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল আরটিভিকে বলেন, জুলাই আন্দোলনে যাদের হাতে রক্ত লেগে আছে, তাদের এ ধরনের পদোন্নতি তারা মেনে নেবেন না। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে উপাচার্যকে জানানো হয়েছে। উপাচার্য এটিকে একাডেমিক নিয়মের বিষয় বলে উল্লেখ করেছেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে সিদ্ধান্তটি পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি একাডেমিক ও ইউজিসির প্রচলিত নিয়মের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছেও চিঠি দেওয়া হবে।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর জাহাঙ্গীর শিক্ষার্থীদের পুলিশের হাতে সোপর্দ করেছেন বলে তারা অভিযোগ করছেন। এমন একজন শিক্ষককে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন সংবর্ধনা দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ।
রিয়াজুল ইসলামের অভিযোগ, একদিকে উপাচার্য স্বৈরাচারবিরোধী র্যালি ও সমাবেশ করছেন, অন্যদিকে বিতর্কিত ব্যক্তিদের পদোন্নতি ও সংবর্ধনা দিচ্ছেন। তিনি এ ঘটনাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বিচারিতা ও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করেন।
তিনি অবিলম্বে পদোন্নতির সিদ্ধান্ত বাতিল এবং কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি দাবি করেন।
শিক্ষার্থীদের দাবি, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তির ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগগুলোর নিষ্পত্তি না করে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?