ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
হামলায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক: নভেম্বর মাসে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলার ঘটনায় ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন। এবার ক্ষয়ক্ষতি ও বন্ধ থাকা শাখার সংখ্যা জানাল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতাও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ১০ নভেম্বর ২০২৬ থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন জেলার মোট ১০৪টি শাখা ও কার্যালয় এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ১০ নভেম্বর ২০২৬ থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ ঋণসেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যায় পড়ছেন।
এর ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, গ্রামীণ ব্যাংকের নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো এসব সম্পদের পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। ব্যাংকটির শাখা রয়েছে ২ হাজার ৫২৮টি। এ ছাড়া ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে।
গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় ২৩ নভেম্বর বিবৃতি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তাঁর মনে হয়েছে, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, এসব নারীর কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?