×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ফেরাতে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের

২০২৬ নভেম্বর ২৭ ১২:২৯:১৭

হাসিনা ফেরাতে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক: ভারতের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পেলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের অনুরোধে সাড়া না দিলে এ পদক্ষেপ নেওয়া হবে।

পাকিস্তান সফরে গিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’ তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

স্পিকারের এ বক্তব্য এমন সময়ে এল, যখন শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তাঁর দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি সরকার। সরকারের বক্তব্য, আইনগত প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমেই কেবল তাঁর ফেরা গ্রহণযোগ্য হবে।

বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত তাঁর কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা। তিনি বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন স্পিকার।

এদিকে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারতও এখন বুঝতে পারছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত