×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

৫০তম বিসিএসের ফল প্রকাশে প্রার্থীদের আলটিমেটাম

২০২৬ নভেম্বর ২৮ ১৭:৫০:০৯

৫০তম বিসিএসের ফল প্রকাশে প্রার্থীদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে আর বিলম্ব না করার দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেছে। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা এ দাবি জানান। এ সময় এক ফলপ্রত্যাশী বলেন, পিএসসি এক বছরে একটি বিসিএস শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই আশ্বাসে তাঁরা আস্থা রেখেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষার পর দুই মাসেরও কম সময়ের মধ্যে এক হাজার নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়েছে। এতে অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থ বিবেচনায় তাঁরা পরীক্ষায় অংশ নিয়েছেন। সবকিছু ঠিকঠাক চলছিল। মৌখিক পরীক্ষা শেষে এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশের আশা করেছিলেন তাঁরা। কিন্তু এখন নানা ধরনের কথা ও গুজব ছড়াচ্ছে। কোনো ধরনের সময়ক্ষেপণ না করে অবিলম্বে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক ফলপ্রত্যাশী সাম্প্রতিক বিসিএসগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। অথচ ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের দিকে শেষ হলেও ইতিমধ্যে দুই মাস পেরিয়ে গেছে। এ বিষয়ে পিএসসির সুনির্দিষ্ট বক্তব্য দাবি করেন তিনি। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা জানান, ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ১৬ দিন পর, ৪৬তম বিসিএসের ১৩ দিন পর এবং ৪৭তম বিসিএসের মাত্র ১০ দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পিএসসি। এ ছাড়া ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হয়েছিল যথাক্রমে এক ও দুই দিনের মধ্যে। এত দ্রুত ফল প্রকাশের নজির থাকার পরও ৫০তম বিসিএসের প্রার্থীদের অনিশ্চয়তায় রাখায় ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

এদিকে পিএসসি সূত্রে জানা গেছে, মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে ৫০তম বিসিএসের ফল প্রকাশে কিছুটা সময় নেওয়া হচ্ছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় এখনো এর চূড়ান্ত গেজেট জারি করেনি। পিএসসি চাইছে, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ও প্রার্থীদের যোগদান সম্পন্ন হওয়ার পর প্রকৃত শূন্য পদের হিসাব সমন্বয় করে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করতে। অন্যথায় ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে পিএসসির এ অবস্থানের সঙ্গে একমত নন প্রার্থীরা। তাঁদের বক্তব্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গেজেট প্রকাশে দীর্ঘসূত্রতার দায় তাঁরা নিতে পারেন না। ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে পিএসসি এখন চূড়ান্ত ফল প্রকাশ করে পরবর্তী সময়ে এ বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করতে পারে বলেও প্রস্তাব দিয়েছেন তাঁরা। তাঁদের মতে, অহেতুক সময়ক্ষেপণের কারণে হাজারো তরুণ-তরুণী মানসিক চাপ ও কর্মজীবনে স্থবিরতার মধ্যে পড়েছেন।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৫০তম বিসিএসের ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলছে। তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে।

‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ বা এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২ হাজার ১৫০টি পদের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। শুরু থেকেই পরীক্ষার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেয় কমিশন। চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ১১ দিনের মাথায়, ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় এর ফল।

পরবর্তী সময়ে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। খাতা মূল্যায়নের জটিলতা কাটিয়ে মাত্র ৭৭ দিনের মধ্যে, ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন। এতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন। ১১ আগস্ট শুরু হওয়া মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ হয়। সব ধাপ সময়মতো সম্পন্ন হওয়ায় পিএসসির রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের আশা করেছিলেন প্রার্থীরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত