×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২০২৬ নভেম্বর ২৮ ১৫:২৭:০০

চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখতে। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

শিক্ষা খাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বেগম খালেদা জিয়া। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা করা প্রয়োজন।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে।

তিনি বলেন, এসব প্রযুক্তির প্রভাবে একদিকে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।

একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

বহুভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। এ ছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ নামের একটি অ্যাপের তথ্যচিত্র প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভাপতিত্বও করেন তিনি। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন উপাচার্য।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এ ছাড়া বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। অনুষ্ঠানে শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ অ্যাপের তথ্যচিত্রও প্রকাশ করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত