×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদ-মন্দিরসহ ৮৬ হাজার প্রতিষ্ঠানে সম্মানী দেবে সরকার

২০২৬ নভেম্বর ২৭ ২২:৩১:২১

মসজিদ-মন্দিরসহ ৮৬ হাজার প্রতিষ্ঠানে সম্মানী দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী ভাতা দিচ্ছে সরকার। এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বছর সম্মানীর আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারীরাও সরকারি সহায়তা পাবেন।

প্রত্যন্ত অঞ্চলে ধর্মীয় দায়িত্ব পালনকারীরা সীমিত আর্থিক সুবিধার মধ্যে কাজ করেন উল্লেখ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, গ্রামীণ জনপদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবাইতদের নির্দিষ্ট আয়ের সুযোগ সীমিত। নিয়মিত সম্মানী দেওয়ার ফলে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, কোনো ধর্মীয় নেতা বা সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে তাদের নিজস্ব ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতির ঝুঁকি কমবে।

সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এবং দুজন বিশিষ্ট ব্যক্তির সহায়তায় তালিকা তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠান নির্বাচন কিংবা তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে সম্মানীর আওতায় আনা হয়েছিল। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে এবার কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

বর্তমানে দেশে ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ কর্মসূচি বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন ও কার্যক্রম তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে গঠিত একটি বিশেষ সেলও কাজ করছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত