×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষায় আধুনিকায়নে অধ্যক্ষদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

২০২৬ নভেম্বর ২৮ ১৩:০০:৩৬

উচ্চশিক্ষায় আধুনিকায়নে অধ্যক্ষদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাকে কেবল চাকরি পাওয়ার প্রস্তুতিতে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উচ্চশিক্ষাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০টির বেশি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখার মধ্যেই অনেক চূড়ান্ত সাফল্য নয়; বরং সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে দেওয়া উচিত, এই সুযোগটি তৈরি করা উচিত।’

অধ্যক্ষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আপনারা কলেজের প্রধান, কলেজের অধ্যক্ষ। একজন অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধানই নন, আপনি আপনার প্রতিষ্ঠানের নেতা এবং নৈতিক দিকদর্শক। আপনারা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। আপনাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার ওপর শিক্ষকদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে।’

তিনি আরও বলেন, শহর কিংবা গ্রাম-সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৬ বছরে কলেজের সংখ্যা ও উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যাও। তবে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষাব্যবস্থাকেও অনেক ধ্বংস করে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে শিক্ষাব্যবস্থা সুন্দর করে গড়ে তোলার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার এখনই সময়।

শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়নে কলেজ অধ্যক্ষদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষকদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি কথা আছে যে practice makes a man perfect. তাই যত প্রশিক্ষিত হবে একজন শিক্ষক, ততই পারদর্শী হয়ে উঠবে।’ শিক্ষককেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণামুখী শিক্ষাদান পদ্ধতি চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব মনে হয় কমবে না। বিশ্বের অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা ভোগ করতে পারছে না। অথচ বিশ্ব ইতোমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থান উপযোগী শিক্ষা চালু করতে হবে।’

প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা এবং ফাইভজি প্রযুক্তিসহ নানা উদ্ভাবন ভবিষ্যতের কর্মজগতে বড় পরিবর্তন আনছে।

শিক্ষার সঙ্গে কর্মদক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘শিক্ষা মানুষকে দেয় শক্তি, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার সামিল, আর সুনির্দিষ্ট লক্ষ্য নির্ভর শিক্ষা সফল ভবিষ্যৎ নির্মাণের কার্যকর পথপ্রদর্শক। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করার মধ্যেই সাফল্য নিহিত। এ কারণে শিক্ষার শক্তিকে কর্মদক্ষতায় রূপান্তরের জন্যই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন অনিবার্য।’

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিক্ষার কাজ হবে সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করা। শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন। একই সঙ্গে অন্যদের জন্য কর্মসংস্থান তৈরির সক্ষমতাও অর্জন করবেন।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে একাধিক ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, ‘এজন্য কলেজগুলোকে শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যমে বা মাধ্যম হিসেবে নিজেদের এবং সম্ভাবনার আরো দ্বার উন্মোচন করতে অ্যারাবিক, ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি।’

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

কলেজগুলোতে শিক্ষকসংকট নিরসনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সাথে কলেজ ভিত্তিক শিক্ষক সংকট নিরসন, শূন্য পদ পূরণ, প্রয়োজনে শিক্ষকদের নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবকে আমি আহ্বান জানাই।’

কলেজের অবকাঠামো ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়েও দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী ব্যবস্থা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে এ উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান তারেক রহমান।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত