ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ঢাবিতে র্যালি
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ র্যালি করেছে জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচি থেকে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধ, মানবিক সহায়তা প্রবেশের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে র্যালিটি শুরু হয়। মল চত্বর ও কলাভবন হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে এটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি হাসিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী।
আবু বাকের মজুমদার বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও ইসরাইলি আগ্রাসন বন্ধ হয়নি। গাজায় বাস্তুচ্যুত ও গৃহহীন মানুষ তীব্র শীতের মধ্যে মানবিক সংকটের মুখে পড়েছেন। অথচ তাঁদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও শীতকালীন সহায়তা পৌঁছানোর পথও বাধাগ্রস্ত করা হচ্ছে।
ফিলিস্তিনি জনগণের পক্ষে তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ফিলিস্তিনে চলমান আগ্রাসন, আধিপত্যবাদ ও হামলা অবিলম্বে বন্ধ করা; ক্ষুধার্ত ও বাস্তুচ্যুত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে ফিলিস্তিনের আশপাশের সব সীমান্তপথ খুলে দেওয়া এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির জনগণের স্বাধীনতা ও সার্বভৌম মর্যাদা নিশ্চিত করা।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, ‘কাশ্মীর থেকে ফিলিস্তিন, উইঘুর থেকে আরাকান, বেলুচিস্তান থেকে সেভেন সিস্টার্স প্রত্যেক নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হবে জাতীয় ছাত্রশক্তি, আর মুক্তিকামী জনতার নেতৃত্ব দেবে ঢাকা। সকল আধিপত্যবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম চলবে।’
এদিকে দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা এবং ভারতের আধিপত্যবাদী তৎপরতার অভিযোগ তুলে সংগঠনটির নেতারা কঠোর অবস্থান জানান। তাঁরা কাশ্মীরের মুসলমান এবং মণিপুরসহ ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের ওপর নির্যাতন ও দমনমূলক অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানান।
র্যালি ও সমাবেশে বাংলাদেশবিরোধী বক্তব্যের বিরুদ্ধেও প্রতিবাদ জানান জাতীয় ছাত্রশক্তির নেতারা। ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকিসহ পশ্চিমবঙ্গ বিজেপির এক নেতার বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁরা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি এলে দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে যেকোনো আধিপত্যবাদী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডিসেম্বরে লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ