ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে বেগম খালেদা জিয়াকে নিয়ে গুরুতর ভুল
ডুয়া ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে গুরুতর ভুল তথ্য ছাপা হয়েছে। ক্যালেন্ডারের একটি ছবির ব্যানারে তাঁকে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এ ভুল তথ্যসংবলিত ক্যালেন্ডার ছাপানোর পাশাপাশি দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সম্মেলনে অতিথিদের মধ্যেও তা বিতরণ করা হয়।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ক্যালেন্ডারটির মুদ্রণ বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে বিতরণ করা ক্যালেন্ডার ফেরত নেওয়ার উদ্যোগও নিয়েছে বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, একজনের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহফুজ আল-হোসেনের সই করা পৃথক অফিস আদেশ ও সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে মোনাজাতরত একদল ব্যক্তির পেছনে একটি কালো ব্যানার দেখা যায়।
ব্যানারটির বড় অক্ষরে লেখা, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। কিন্তু এর ঠিক ওপরের অংশে ছোট অক্ষরে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।
এ ছাড়া ব্যানারের বাঁ পাশে থাকা ছবির নিচে লেখা রয়েছে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নাম। অর্থাৎ, একই ব্যানারে খালেদা জিয়ার নামের সঙ্গে শেখ ফজিলাতুন নেছা মুজিবের পরিচয় যুক্ত করা হয়েছে।
ক্যালেন্ডার প্রস্তুত, সম্পাদনা, যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ পেরিয়ে কীভাবে এমন ভুল থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ক্যালেন্ডারে ভুল তথ্য প্রকাশের ঘটনায় জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে এমন অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনাকে সংশ্লিষ্ট কর্মকর্তার অসচেতনতা ও দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জনসংযোগ দপ্তরের চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
এ ছাড়া জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং দুই উপ-পরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের জন্য মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে অনাকাঙ্ক্ষিত ভুলের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। গত ২৮ নভেম্বর অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’-এ আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়েছিল।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ক্যালেন্ডারটির সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়েছে। যেসব অধ্যক্ষ ও অতিথির কাছে ক্যালেন্ডার পৌঁছেছে, সেগুলো ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ক্যালেন্ডার প্রস্তুত, যাচাই ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার কারণ, দায়দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের প্রকাশনার ক্ষেত্রে প্রস্তুত, সম্পাদনা, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল। দায়িত্ব পালনে অসচেতনতা ও অবহেলার ঘটনায় প্রাথমিকভাবে দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে।
তদন্তে আরও কেউ দায়ী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনো শিথিলতা বা নমনীয়তা দেখানোর সুযোগ নেই বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ডিসেম্বরে লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ