ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
থার্ড টার্মিনালে ১৫ মিনিটেই মিলবে প্রথম ব্যাগেজ
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে উড়োজাহাজ অবতরণের পর ১৫ মিনিটের মধ্যেই যাত্রীরা প্রথম ব্যাগেজ পাবেন। এ ছাড়া যাত্রীদের চেক-ইন ও লাগেজ সংগ্রহের অপেক্ষার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে হতে যাওয়া চুক্তিতে এসব শর্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
রোববার বেবিচকের সদর দপ্তরের অডিটরিয়ামে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, আগমনী যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমাতে ব্যাগেজ সরবরাহের জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
চেক-ইন কাউন্টারে যাত্রীদের অপেক্ষার সময় কমাতেও মানদণ্ড ঠিক করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় পাঁচ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তিতে বেবিচক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে রাজস্ব বণ্টনের বিষয়টিও সুনির্দিষ্ট করা হয়েছে। নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (৩০ নভেম্বর) তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান বজায় রাখতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
চুক্তি অনুযায়ী, নির্ধারিত সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে প্রতিটি ব্যর্থতার জন্য পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত হবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসংবলিত। ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।
দ্রুত ও নির্বিঘ্নে যাত্রীসেবা নিশ্চিত করতে টার্মিনালটিতে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার রয়েছে। পাসপোর্ট নিয়ন্ত্রণের জন্য রয়েছে ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয় কাউন্টারসহ মোট ১২৯টি কাউন্টার। এ ছাড়া আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।
আগমনী যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য স্থাপন করা হয়েছে ১৬টি সুপরিসর ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য রয়েছে ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে।
নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে টার্মিনালটিতে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র রাখা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য রয়েছে মুভিং ওয়াকওয়ে, এসকেলেটর ও লিফট। বহুতল গাড়ি পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।
আন্তর্জাতিক কার্গো পরিবহনের সক্ষমতা বাড়াতে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনালগুলোতে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। সব মিলিয়ে বছরে ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা যাবে।
বেবিচক চেয়ারম্যান আরও জানান, তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির ১৫ বছরের মেয়াদ কার্যকর হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে।
অন্যদিকে, বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনির্ধারিত ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহার করতে পারবে বেবিচক।
চুক্তিতে আরও বলা হয়েছে, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে থাকলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে, ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রমের নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর হাতে।
চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি এবং প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এ ছাড়া টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়া থেকে অনাবাসিক বিমান চলাচলবহির্ভূত আয়ও পাবে প্রতিষ্ঠানটি।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে। চুক্তি অনুযায়ী, এসব গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান এবং সেলফ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দেবে। এ ছাড়া কার্গো হ্যান্ডলিং সেবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলার রয়্যালটি দেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর