×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জিয়াউল আহসানকেই গুমের অভিযোগ বোনের

২০২৬ নভেম্বর ২৯ ১৭:১৪:৩৮

এবার জিয়াউল আহসানকেই গুমের অভিযোগ বোনের

শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় এবার আসামি জিয়াউল আহসানকেই গুম করার অভিযোগ তুলেছেন তার বোন ও আইনজীবী নাজনীন নাহার। আদালতে শুনানির সময় তার এমন বক্তব্যে এজলাসে হাস্যরসের সৃষ্টি হয়।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে জিয়াউল আহসানের পক্ষে যুক্তি উপস্থাপনের সময় এ দাবি করেন নাজনীন নাহার।

তিনি আদালতকে জানান, ২০২৪ সালের ৭ আগস্ট ডিজিএফআই সদস্যরা তার ভাই জিয়াউল আহসানকে তুলে নিয়ে যান। এরপর ১৫ আগস্ট পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আইনজীবীর এমন বক্তব্যের পর এজলাসে হাসির পরিবেশ তৈরি হয়। আসামিপক্ষের অন্য আইনজীবীদেরও হাসতে দেখা যায়।

নাজনীন নাহার আরও দাবি করেন, ভাইয়ের সন্ধান না পেয়ে তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন। তবে থানা কর্তৃপক্ষ জিডি গ্রহণ করেনি। পরে একই দিন ডাকযোগে জিডির একটি কপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠান তিনি।

এর আগে গত ২৪ নভেম্বর থেকে টানা তিন দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ২৬ নভেম্বর সমাপনী যুক্তিতর্কে প্রসিকিউশন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানায়। পাশাপাশি তার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে বণ্টনের আবেদনও করা হয়।

সেদিন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. আমিনুল ইসলাম জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ভয়াবহতা তুলে ধরে বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাকে ১১৬ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত।

তিন ঘটনায় শতাধিক মানুষকে হত্যার অভিযোগপ্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গাজীপুর, বরগুনার পাথরঘাটা, বাগেরহাটের শরণখোলা এবং সুন্দরবনসংলগ্ন এলাকায় তিনটি পৃথক ঘটনায় শতাধিক মানুষকে গুমের পর হত্যা করা হয়।

প্রথম অভিযোগ: গাজীপুরে তিনজনকে হত্যা

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইল এলাকায় সড়কের পাশে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। এ ঘটনায় জিয়াউল আহসানের সরাসরি সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করেছে প্রসিকিউশন।

দ্বিতীয় অভিযোগ: পাথরঘাটায় অন্তত ৫০ জনকে হত্যা

২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ অন্তত ৫০ জনকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে হত্যা এবং মরদেহ গুমের অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় অভিযোগ: বনদস্যু দমনের নামে ৫০ জনকে হত্যা

একই সময়ে বরগুনার বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা ও সুন্দরবনসংলগ্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে অভিযান চালিয়ে মাসুদসহ আরও ৫০ জন নিরীহ মানুষকে তুলে নিয়ে হত্যার অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত