×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইনানীর নিয়ন্ত্রণে আনা গ্যাসকূপে আবার বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত

২০২৬ নভেম্বর ২৯ ১৬:১০:৩০

ইনানীর নিয়ন্ত্রণে আনা গ্যাসকূপে আবার বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নিয়ন্ত্রণে আনা গ্যাসকূপে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের পর কূপটিতে জরিপের কাজ চালানোর সময় বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপের কাজ শুরু করেন বাপেক্সের বিশেষজ্ঞ দলের সদস্যরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং গ্যাসকূপ থেকে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে প্রতিষ্ঠানের সাত কর্মী দগ্ধ ও আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি। আহত সাতজনের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্য তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দোলন আচার্য্য জানান, ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে টানা এক মাস জ্বলতে থাকার পর গত ২৭ নভেম্বর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্স। এরপর কূপটিতে জরিপের কাজ শুরু করেন প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা এক মাস ধরে কূপটিতে আগুন জ্বলছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত