×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, তালিকায় ১৪১৬ জন

২০২৬ নভেম্বর ২৯ ১৭:৫৪:০০

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, তালিকায় ১৪১৬ জন

নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৫ মার্চ ও ২১ মে ২০২৬ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে তাঁদের বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষ করার পর চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণও গ্রহণ করতে হবে।

নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ সময় আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত বলে বিবেচিত হলে তাঁকে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ না করেই চাকরি থেকে অপসারণ করা যাবে।

বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর কর্মকর্তাদের চাকরি স্থায়ী করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ ও প্রদান না করার অঙ্গীকারনামা দিতে হবে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী নিজেদের এবং পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণীও জমা দিতে হবে।

নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তাঁর নিয়োগের আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও সনদ পরবর্তী যাচাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাঁর নিয়োগ বাতিলের পাশাপাশি ফৌজদারি মামলা করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত