ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
জানুয়ারির আগেই বই পাবে শিক্ষার্থীরা: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর আগেই ২০২৭ সালের সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তবে সময়ের স্বল্পতার কারণে এবার শিক্ষাক্রমে পরিকল্পনা অনুযায়ী সংস্কার আনা যায়নি। এ জন্য ২০২৮ শিক্ষাবর্ষকে সামনে রেখে এখন থেকেই আরও বিস্তৃত ও পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে আয়োজিত ‘সুধীজন সংলাপ : কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় এসব কথা বলেন মাহ্দী আমিন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মাহ্দী আমিন জানান, আগামী বছরের শিক্ষাক্রম প্রণয়নের কাজে এনসিটিবিতে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষাবিদ অংশ নিয়েছেন। এ ছাড়া নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময় গঠিত শিক্ষা দলের বরেণ্য সদস্যরাও নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
পাঠ্যবই মুদ্রণ ও বিতরণের সময়সীমা তুলে ধরে তিনি বলেন, জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে হলে সাধারণত জুলাই মাসের মধ্যেই এ-সংক্রান্ত কাজ শেষ করতে হয়।
কিন্তু গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নতুন দল সাজিয়ে দেশব্যাপী আলোচনা ও মতামত গ্রহণের জন্য তিন থেকে চার মাস সময় যথেষ্ট ছিল না। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সব পক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভব হয়নি। ফলে প্রথম বছরে শিক্ষাক্রমে প্রয়োজনীয় সংস্কার পুরোপুরি করা যাচ্ছে না।
মাহ্দী আমিন বলেন, বিগত সময়ে পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, মিথ্যা তথ্য ও নানা ধরনের ভুলভ্রান্তি ছিল। এনসিটিবির অধীনে গঠিত দলগুলো বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন এনেছে। তবে পাঠ্যবই সংশোধনের কাজ একটি চলমান প্রক্রিয়া।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান নীতিমালাগুলো দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর চিন্তার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। মাহ্দী আমিন বলেন, শিক্ষাসংশ্লিষ্ট এসব নীতিমালা নিয়ে বহু বছর ধরে কাজ করছেন প্রধানমন্ত্রী। শিক্ষা বিষয়ে একটি বিশেষজ্ঞ দলের ভাবনাগুলো অংশীজন ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে পরিমার্জন ও সংস্কার করে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ে এসব নীতিমালা বাস্তবায়নের সময় বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামত যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মাহ্দী আমিন জানান, সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরেই কথা বলে আসছেন।
এ ছাড়া শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস, মিড ডে মিল ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনাও দীর্ঘদিনের ভাবনার অংশ। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত করার উদ্যোগও এর অন্তর্ভুক্ত। ভবিষ্যতের রাষ্ট্র বিনির্মাণের মূলনীতি হিসেবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আসছেন।
প্রধানমন্ত্রী শিক্ষাকে শুধু বড় ডিগ্রি বা সনদ অর্জনের মাধ্যম হিসেবে দেখেন না বলে উল্লেখ করেন মাহ্দী আমিন। তাঁর ভাষ্য, শিক্ষার প্রধান লক্ষ্য দুটি। প্রথমত, সঠিক নীতি ও আদর্শসম্পন্ন মানবিক মানুষ গড়ে তোলা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী নাগরিক বা সফল উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। পুরো শিক্ষাব্যবস্থার মাধ্যমে সরকার একই সঙ্গে ভালো মানুষ ও কাজের মানুষ তৈরি করতে চায়।
সরকারের সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন বা আশানুরূপ ফল পাননি, এমন শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যেই পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা দিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে নিয়মিত জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগও করে দেওয়া হচ্ছে। এভাবে সমন্বিত বা ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গির মাধ্যমে যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে।
আলোচনায় শিক্ষাবিদদের দেওয়া সব প্রস্তাব ও মতামত নোট আকারে লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও জানান মাহ্দী আমিন।
আলোচনায় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষক, পত্রিকার সম্পাদক, টেলিভিশনের হেড অব নিউজ, প্রধান বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী ও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, অভিভাবক এবং আইসিটি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষাক্রম নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলাসহ অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডিসেম্বরে লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ