×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তৃণমূল থেকেই গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হবে: মঈন খান

২০২৬ অক্টোবর ০৮ ২৩:২৪:৫৮

তৃণমূল থেকেই গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হবে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব ছড়িয়ে দেওয়া ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। জনগণকে ছোটখাটো সেবা বা প্রয়োজনীয় কাজের জন্য রাজধানীতে ছুটে আসতে হলে স্থানীয় সরকার ব্যবস্থার উদ্দেশ্যই ব্যাহত হয়। তাই নিজ নিজ এলাকায় থেকেই যেন মানুষ প্রয়োজনীয় সেবা পেতে পারে, তা নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)’ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশে যেকোনো উদ্যোগের সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে তা বাস্তবায়ন করা। এলজিসিআরআরপি প্রকল্প সফলভাবে বাস্তবায়নে যারা কাজ করেছেন, বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি। তার মতে, প্রকল্পটির সফলতা ভবিষ্যতে বিশ্বব্যাংকের সঙ্গে আরও কার্যকর নতুন প্রকল্প গ্রহণের সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, কোনো প্রকল্প গ্রহণ ও শেষ করাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়। প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যতের উদ্যোগে কাজে লাগাতে হবে। একই সঙ্গে যাদের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, তাদের মধ্যে প্রকল্পের মালিকানা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

স্থানীয় সরকার ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকামুখী মানুষের চাপ কমাতে দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও ক্ষমতাবান করতে হবে। মানুষ কেন রাজধানীতে আসতে বাধ্য হচ্ছে, সেই সমস্যার মূল কারণ খুঁজে বের করে সমাধান করতে হবে। জন্মনিবন্ধনের মতো সাধারণ সেবা পেতেও যদি প্রত্যন্ত এলাকার মানুষকে মন্ত্রণালয়ে আসতে হয়, তাহলে তা দেশের শাসনব্যবস্থার কাঠামোগত সমস্যার বহিঃপ্রকাশ।

মঈন খান বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া না হলে প্রতিটি কাজের জন্য মানুষকে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভর করতে হবে। প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা গেলে প্রয়োজনীয় সেবা ও কাজের জন্য মানুষের ঢাকায় আসার প্রয়োজন কমবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে বসবাসের সুযোগ দিতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়েই জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সেবায় স্থানীয় পর্যায়ের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ড. মঈন খান বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের মৌলিক ভিত্তি। শুধু কেন্দ্রীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, এর ভিত্তি তৃণমূল পর্যায় থেকেই গড়ে তুলতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের আরও বেশি সুযোগ দিতে হবে। সংরক্ষিত আসনের পাশাপাশি ভবিষ্যতে সাধারণ আসনেও পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নারীদের জনপ্রতিনিধি হিসেবে উঠে আসার সুযোগ তৈরি করতে হবে। এতে স্থানীয় সরকার, গণতান্ত্রিক ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন—তিনটিই আরও শক্তিশালী হবে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে কাজ চলছে। ভবিষ্যতেও এ উদ্যোগ আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায় থেকে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের প্রধান জেন পেসমি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত