×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে বদলে যাবে রাজশাহীর উন্নয়নের চিত্র: ভূমিমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৯ ২১:০৯:৫৪

ডিসেম্বরের মধ্যে বদলে যাবে রাজশাহীর উন্নয়নের চিত্র: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মাস্টারপ্ল্যান অনুসারে পদ্মা নদীর তীর ঘেঁষে ‘রিভার ড্রাইভ’ এবং বারনই নদীর পাশে নতুন সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সবার জন্য শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর সিটি হাট চত্বরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

নগরীর চলমান উন্নয়নকাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নগরবাসী ব্যাপক উন্নয়নের চিত্র দেখতে পাবেন। রাজশাহী সিটি করপোরেশন ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যৌথভাবে নগরীর উন্নয়নে কাজ করবে। পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো আগামী ডিসেম্বরের মধ্যে সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে। বন্ধ হয়ে থাকা সব উন্নয়নকাজও আবার শুরু করে দ্রুত বাস্তবায়ন করা হবে। এসব কাজের মধ্যে সোনাদীঘি মসজিদের কাজ ও বাঁধের উন্নয়ন রয়েছে। নগরীকে আরও সবুজ ও দৃষ্টিনন্দন করে তুলতে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভূমিমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়া শিশুপার্কের পাশের একটি সড়ক পুনরায় উদ্বোধন করা হয়েছে। ওই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ ছাড়া জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ‘রাজশাহী বাইপাস’ নির্মাণের ঘোষণা দেন তিনি। ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের আধুনিক এই বাইপাস সড়কে ডিভাইডার, দুই পাশে বৃক্ষরোপণ, ড্রেন ও ফুটপাত থাকবে। একই সঙ্গে বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি বিশ্বমানের সড়ক নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, সকাল হলে সূর্য ওঠে, আর সন্ধ্যায় অস্ত যায়—এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু যারা এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছিল, তাদের সরাতে দেশের মানুষের দীর্ঘ ১৭ বছর সময় লেগেছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদূর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজু, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং সহ-সভাপতি আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা প্রমুখ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত