×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের আহ্বান জানাল টিআইবি

২০২৬ নভেম্বর ২৮ ২১:০৪:৪৯

দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের আহ্বান জানাল টিআইবি

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুধু রাষ্ট্র সংস্কার কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষেরও সোচ্চার ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় টিআইবির হোপ সেন্টারে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। আর সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্বেষা মিত্র।

অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিতর্কের মূল্যবোধ ও টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা। বিতর্কের মাধ্যমে তরুণেরা নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি যুক্তিনির্ভর চর্চার সুযোগ পান। প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাই কোনো না কোনোভাবে জয়ী হয়েছেন।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় জীবনের বিভিন্ন অর্জনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাঁদেরই এগিয়ে আসতে হবে।

চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অন্য সদস্য হলেন সানজিদা মেহনাজ তাসনিম। রানারআপ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সদস্য আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। সারা দেশের ৩২টি বিতর্ক দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বিতার্কিক ও বিচারকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় তিনি পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যুক্তিবোধের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

টিআইবি জানায়, বিতর্কে নারী সমঅধিকার ও মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে প্রতিটি বিতর্ক দল এবং বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল।

২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী আবাসিক এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানারআপ দলকে ৩০ হাজার টাকা এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের সঙ্গে ছিল ক্রেস্ট ও সনদ। এ ছাড়া এবারের প্রতিযোগিতায় সেরা আটটি দল পরবর্তী আয়োজনেও সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত