ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সীমান্তের ওপারের তৎপরতা নিয়ে ভাবছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সীমান্তের ওপারে কী ঘটছে, তা নিয়ে বাংলাদেশের মাথাব্যথা নেই। তবে দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের এপারে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
আজ শনিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, বাসে আগুন এবং বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বেশ কিছু ঘটনা ঘটে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব সহিংসতা চালিয়েছেন। মাঝখানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা কমে এলেও আবার তা শুরু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, তা ধরেই নেওয়া হয়। এ জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।
শ্রমিক অসন্তোষের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁরা অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশালমিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন। এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনের সময় সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত হয়ে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন