×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ

২০২৬ নভেম্বর ২৮ ২২:১২:০৩

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ

ডুয়া ডেস্ক: বিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এর সুবিধা সবাই সমানভাবে পান না। সব দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারী এ সুযোগ পান না; পাসপোর্টের ধরন অনুযায়ী ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ নির্ধারিত হয়েছে। চুক্তির আওতায় সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা কেবল মালদ্বীপে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। অন্য দেশগুলোর ক্ষেত্রে এ সুবিধা সীমাবদ্ধ কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত হালনাগাদ করা ভিসা অব্যাহতি চুক্তির একটি তালিকা পররাষ্ট্রসচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

তালিকার তথ্য অনুযায়ী, মালদ্বীপের সঙ্গেই কেবল বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল, এই তিন ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর আছে। ফলে দুই দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। তবে কাজের উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

অন্যদিকে ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রুনেই, চীন, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, সার্বিয়া, কসোভো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, বতসোয়ানা, গাম্বিয়া এবং তিমুর-লেস্তে।

এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের চুক্তির আওতায় শুধু কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন। অর্থাৎ এই দুই দেশের ক্ষেত্রে অফিশিয়াল ও সাধারণ পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতির সুবিধা পাবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পাদিত পারস্পরিক চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরাই ভিসা অব্যাহতির সুবিধা ভোগ করবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত