ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
‘শেখ হাসিনার পথে হাঁটলে তারেক রহমানেরও একই পরিণতি হবে’
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় এবং জুলাই সনদ ইস্যুতে নানা বক্তব্য উঠে এসেছে। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিএনপির নেতৃত্বের সমালোচনা করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
শনিবার (২৮ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে দেশের বহু তরুণ প্রাণ হারিয়েছে। ২০১৩ সালের শাপলা চত্বর, আল্লামা সাঈদীকে ঘিরে আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট দেশের মানুষ নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে বলে মন্তব্য করেন তিনি।
মাওলানা মামুনুল হক আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের ৭০ শতাংশ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে শেখ হাসিনা যে পরিণতির মুখোমুখি হয়েছেন, একই পথে তারেক রহমানও যাবেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মদ মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
মামুনুল হক বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। তিনি শান্তিপূর্ণভাবে সেই রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, সরকার যদি এতে ব্যর্থ হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন হলে কঠিন কর্মসূচি গ্রহণেও তারা পিছপা হবেন না বলে জানান তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবে একমত হয়েছিল, বিএনপি অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির সঙ্গে সমঝোতা করে তা নষ্ট করেছে।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে তাদের পরাজিত করেছে। তা না হলে জামায়াত ১৮০টি আসন নিয়ে সংসদে যেতে পারত বলে দাবি করেন তিনি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সংঘাত, দুর্নীতি এবং বৈষম্য দূর করার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি গণভোটের রায় কার্যকর না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, গণভোটে জনগণ সরাসরি ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় দিয়েছে। জুলাই সনদের প্রতিশ্রুতির কারণেই মানুষ বিএনপি, জামায়াত ও ১১ দলকে ভোট দিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে সেই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশ পরিচালনায় বিএনপি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণহত্যার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং তেল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর থেকে দেশের জন্য কী অর্জন হয়েছে, সে বিষয়েও জনগণকে স্পষ্টভাবে জানানো যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল