ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার তা বাস্তবায়ন করেনি। বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও সেই পরিষদের সদস্যরা শপথ নেননি। এভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে সরকার দেশ পরিচালনা করছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশে জাতীয় সংসদে বিরোধী দল দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার এবং সরকারকে সহযোগিতা করার কথা বলেছিল। কিন্তু বাস্তবে সরকার শুধু জনগণের ভোটের রায়ের সঙ্গেই প্রতারণা করেনি, দেশ পরিচালনার ক্ষেত্রেও বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছরের গুম-খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। বরং যাদের বিরুদ্ধে এসব ঘটনার অভিযোগ রয়েছে, তাদের সঙ্গেই সরকার সমঝোতার রাজনীতি করছে।
সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের মাত্র চার-পাঁচ মাসের মধ্যেই বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি ভেঙে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি করা হয়েছে। একইভাবে তেলের দামও রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। আগে ১০০ টাকায় যে বাজার করা যেত, এখন সেই বাজার করতে দেড়শ টাকা ব্যয় করতে হচ্ছে। এতে সরকারের সক্ষমতা সম্পর্কে জনগণ ইতোমধ্যে ধারণা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের পতন শুধু অত্যাচার, অনিয়ম বা অন্যায়ের কারণে হয়নি; দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনীতিকে সংকটের মুখে ঠেলে দেওয়াও এর অন্যতম কারণ ছিল। বর্তমান সরকারও একই পথে হাঁটতে শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। সরকার যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে বিরোধী জোট হিসেবে জনগণের পক্ষে দাঁড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার দুই থেকে তিন বছর ধরে বন্ধ রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর সফরের পর শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণা আসবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু সে ধরনের কোনো অগ্রগতি হয়নি।
চীন সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সফরকে ঘিরে বিভিন্ন প্রচারণা দেখা গেলেও দেশের জনগণের জন্য কী অর্জন হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তিনি বলেন, ব্যক্তিগত প্রচারের জন্য সফর করা এক বিষয়, কিন্তু রাষ্ট্রীয় সফর থেকে দেশের মানুষের জন্য দৃশ্যমান সুফল নিয়ে আসাই সরকারের দায়িত্ব। পররাষ্ট্রনীতিতেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে