ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
পুরোনো ব্যবস্থাই টিকিয়ে রাখতে চায় সরকার: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, সরকার সংস্কারের বদলে পুরোনো ব্যবস্থাই টিকিয়ে রাখতে চায়। জনগণ কাঠামোগত পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন মহল বেছে বেছে সামান্য কিছু সংশোধনের মাধ্যমে পুরোনো ক্ষমতাকাঠামো টিকিয়ে রাখতে চাইছে।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কার অচলাবস্থা: উত্তরণের পথ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব কোনো সাধারণ আন্দোলন ছিল না; এটি ছিল একটি ঐতিহাসিক জাতীয় জাগরণ। ছাত্র, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ এমন একটি কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে একত্রিত হয়েছিল, যে ব্যবস্থা ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল, প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছিল, নির্বাচনকে প্রভাবিত করেছিল এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করেছিল।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ নামমাত্র সংস্কার নয়, বরং কাঠামোগত পরিবর্তন চেয়েছিল। তারা এমন একটি প্রজাতন্ত্র প্রত্যাশা করেছিল, যেখানে ব্যক্তি নয়, প্রতিষ্ঠান শক্তিশালী হবে; দায়মুক্তির পরিবর্তে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
নাহিদ আরও স্পষ্ট করেন, কর্তৃত্ববাদী সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের সামনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, দমন-পীড়নের শিকারদের বিচার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক উত্তরণের পথ তদারকির দায়িত্ব ছিল।
এনসিপি শুরু থেকেই নতুন গণতান্ত্রিক সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল উল্লেখ করে সংসদ সদস্য বলেছেন, তাদের মতে, ১৯৭২ সালের সংবিধান সময়ের সঙ্গে এমন এক কাঠামোয় রূপ নিয়েছে, যা নির্বাহী ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং রাষ্ট্রের ওপর একদলীয় আধিপত্যকে শক্তিশালী করেছে।
নাহিদের ভাষ্য, রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে নতুন সংবিধানের প্রস্তাব থেকে সরে আসা হয়। পরে ‘জুলাই সনদ’-এর আওতায় ন্যূনতম কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়।
নাহিদ আরও উল্লেখ করেন, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী হস্তক্ষেপ থেকে রক্ষা এবং আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সেই সনদে অন্তর্ভুক্ত ছিল।
তার দাবি, জুলাই সনদ ও ৪৮টি সংস্কার প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণভোটে জনগণ বিপুল সমর্থন দেয়। গণভোট অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের কথা ছিল, যা ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবে।
বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি এই কাঠামোর পক্ষে থাকলেও ক্ষমতায় আসার পর তারা অবস্থান পরিবর্তন করেছে। সরকার এখন সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করতে অস্বীকৃতি জানাচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও তুলে ধরেন, অন্তর্বর্তী সময়ে প্রণীত কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এর মধ্যে মানবাধিকার কমিশন শক্তিশালী করা, দুর্নীতি দমন কমিশনে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা, গুম প্রতিরোধ, পুলিশি তদারকি সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষাসংক্রান্ত উদ্যোগও রয়েছে।
তার ভাষ্য, একই সময়ে নির্বাহী ক্ষমতা বাড়ায়; এমন কিছু আইন ও বিধান বহাল রাখা হয়েছে কিংবা নতুনভাবে প্রণয়ন করা হয়েছে। এর ফলে আবারও কেন্দ্রীয়ভিত্তিক শাসনব্যবস্থার দিকে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংবিধান সংশোধনের বিষয়ে নাহিদ ইসলাম বলেছেন, সাধারণ সংসদীয় প্রক্রিয়ায় মৌলিক সাংবিধানিক পরিবর্তন আনার চেষ্টা ভবিষ্যতে নতুন রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। এ কারণে গণভোটের ম্যান্ডেট অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের দাবি জানায় এনসিপি।
অর্থনীতি ও প্রশাসনের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, বাংলাদেশ আবারও অর্থনৈতিক অব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক রাজনৈতিককরণের দিকে এগোচ্ছে। ব্যাংকিং খাতে সংস্কারের কিছু উদ্যোগ পরিত্যক্ত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?