ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

গণভোট বাস্তবায়নে রাজপথ-সংসদে লড়াই অব্যাহত থাকবে: শফিকুর রহমান

২০২৬ মে ০৫ ২০:১৪:১৪

গণভোট বাস্তবায়নে রাজপথ-সংসদে লড়াই অব্যাহত থাকবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বিরোধী দল হিসেবে গণভোটের রায় বাস্তবায়নে রাজপথ থেকে সংসদ সব জায়গায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নে কোনো আপস হবে না।

জাপানের নাগোয়া শহরে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার জাপানের সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এবং ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার তত্ত্বাবধানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাজেদুল ইসলাম সঞ্চালনা করেন। এতে নাগোয়া ও বৃহত্তর আইচি প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার প্রবাসীরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে ডা. শফিকুর রহমানসহ অতিথিদের স্বাগত জানানো হয়।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রবাসে থেকেও তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। বিশেষ করে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রেমিট্যান্স শাটডাউনসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখার জন্যও তিনি তাদের ধন্যবাদ জানান।

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ৩৯ প্রবাসীর মুক্তির বিষয়ে প্রবাসী মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি প্রবাসীদের অন্যান্য দাবি-দাওয়া নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দেন।

গণভোটের রায় বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কোথাও গণভোট ব্যর্থ হয়নি, বাংলাদেশেও হবে না। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছেন এটি উপেক্ষা করা মানে জনগণের রায়কে অস্বীকার করা। বিরোধী দল হিসেবে এ রায় বাস্তবায়নে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। এ সময় উপস্থিতদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

জাপানের উন্নয়নের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দেশটির আদলে একটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দেশে গুম, খুন, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভুলত্রুটি হলে তা সংশোধনের জন্য তিনি প্রস্তুত আছেন। একটি কার্যকর সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে বিরোধী দলের করণীয় সবকিছুই করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

অনুষ্ঠান শেষে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশীয় বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২... বিস্তারিত