ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

মামলার পাহাড় পেরিয়ে কি দ্রুতই জাতীয় দলে ফিরছেন সাকিব?

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১২:০৯:১৩

মামলার পাহাড় পেরিয়ে কি দ্রুতই জাতীয় দলে ফিরছেন সাকিব?

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন উজ্জ্বলতর হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ক্রীড়াঙ্গনেও বইছে ইতিবাচক পরিবর্তনের হাওয়া। বিশেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নমনীয় দৃষ্টিভঙ্গি এবং বিসিবির ধারাবাহিক প্রচেষ্টা সাকিবের ফেরার প্রক্রিয়াকে নতুন গতি দিয়েছে।

সাকিবকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বিসিবি যেমন তৎপর, তেমনি সামাজিক মাধ্যমে তাঁর ফেরার তারিখ নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। যদিও চাউর হয়েছিল যে আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে পা রাখবেন, তবে বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে চলতি মাসে তাঁর ফেরা হচ্ছে না। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই তাঁর আইনি বিষয়গুলো সুরাহা করার পরিকল্পনা চলছে।

বিসিবি পরিচালক আসিফ আকবর সম্প্রতি সাকিবের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। এক অনুষ্ঠানে তিনি জানান, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।’

সাকিবের ওপর ঝুলে থাকা মামলার জট খুলতে প্রশাসনিক ধাপগুলো এগিয়ে নিচ্ছে বোর্ড। আসিফ আকবর আরও বলেন, ‘পরে সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে খুব সম্ভবত রোববার-সোমবারে কেসের ফাইলগুলো পৌঁছে দেব এবং পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি রবি-সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো।’

বিসিবির শীর্ষ নীতিনির্ধারকরা মনে করেন, ফিট থাকলে সাকিব এখনও দলের সেরা সম্পদ। বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ সাকিবের সামর্থ্য নিয়ে বলেন, ‘সাকিব ক্রিকেটার কি না এটা নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে খেলছে সে, সেখানে কিছু কিছু পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। আমার মনে হয় যদি ফিটনেস লেভেলটা মোটামুটি থাকে (খেলতে পারবে), সে ভালো প্লেয়ার....বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড।’

রাষ্ট্রীয় পর্যায়ে সাকিবের মামলাগুলো সমাধানের ইঙ্গিত দিয়ে নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব গ্রহণের পর বলেছিলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত