ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

কে কে হচ্ছেন মন্ত্রী? শেষ মুহূর্তের তালিকায় যাদের নাম

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১১:৩৫:০৫

কে কে হচ্ছেন মন্ত্রী? শেষ মুহূর্তের তালিকায় যাদের নাম

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আনুষ্ঠানিকতা পেরিয়ে আজ থেকেই শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরা সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। একই দিনে বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পড়াবেন। ফলে দিনের কেন্দ্রবিন্দুতে এখন নতুন সরকারের রূপরেখা ও মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নাম।

দলীয় একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মন্ত্রিসভা গঠনে আকার সীমিত রাখার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ৩৫ থেকে ৪০ সদস্যের একটি মন্ত্রিসভা হতে পারে বলে আলোচনা চলছে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণমন্ত্রী এবং ১০ থেকে ১২ জন প্রতিমন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে। তবে শেষ মুহূর্তে এক-দুজন নতুন মুখ যুক্ত হতে পারেন বলেও আভাস পাওয়া গেছে। নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে সর্বোচ্চ ৩৭ সদস্যের একটি কার্যকর দল গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতিও প্রায় শেষ। সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা পূর্ণাঙ্গ মহড়া সম্পন্ন করেছেন। সেখানে সম্ভাব্য ৪০ জন সদস্যকে ধরে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। শপথপত্র রাখার জন্যও প্রায় ৪০টি স্ট্যান্ড প্রস্তুত রাখা হয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্টরা।

মন্ত্রিসভা চূড়ান্তকরণ প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা বজায় রাখছেন তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলীয় সূত্রগুলো। তবুও রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে জোর আলোচনা চলছে। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ, ফজলুর রহমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, আফরোজা খান রিতা, জহির উদ্দিন স্বপন, রুহুল কবীর রিজভী আহমেদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ইসমাঈল জবিউল্লাহ, ড. হুমায়ুন কবির (টেকনোক্র্যাট), মোহাম্মদ আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, ফরিদুল কবির তালুকদার, দিপেন দেওয়ান, শরীফুল আলম, ড. মাহদী আমিন (টেকনোক্র্যাট), ড. জিয়াউদ্দিন হায়দার (টেকনোক্র্যাট), শামা ওবায়েদ, ফারজানা রহমান পুতুল, সুলতান সালাউদ্দিন টুকু, আলী আজগর লবী, মজিবুর রহমান (গাজীপুর), মীর শাহে আলম (বগুড়া), আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, ওয়ারেস আলী মামুন (ময়মনসিংহ), ড. রেজা কিবরিয়া, অনিন্দ্য ইসলাম অমিত, সাঈদ আল নোমান, খন্দকার আবু আশফাক, হাবীব উর রশিদ হাবীব, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর প্রমুখ।

দলীয় সূত্র আরও জানায়, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং রাজনৈতিকভাবে পরীক্ষিত নেতাদের প্রাধান্য দেওয়া হতে পারে। পাশাপাশি তরুণ নেতৃত্ব ও টেকনোক্র্যাটদের যুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর মন্ত্রিসভা গঠনের চিন্তা রয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, ‘যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। জনগণের কাছে যারা আস্থাশীল, তারাই স্থান পাবেন। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত