ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

নিজস্ব জাহাজে রেকর্ড আয়ের পথে বিএসসি

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ০০:০৬:৪৩

নিজস্ব জাহাজে রেকর্ড আয়ের পথে বিএসসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) তাদের নৌ-বহর সম্প্রসারণের মাধ্যমে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আয়ে ২১ শতাংশ এবং নিট মুনাফায় ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। আজ ৮ ফেব্রুয়ারি (রোববার) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় জুলাই-ডিসেম্বর মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে সংস্থাটির আয় বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৯১ লাখ টাকা এবং নিট মুনাফা হয়েছে ৫৭ কোটি ৮১ লাখ টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা।

আন্তর্জাতিক শিপিং সেক্টরে ভাড়ার হার বৃদ্ধি পাওয়ায় এবং বহরে নতুন জাহাজ যুক্ত হওয়ায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছে বিএসসি কর্তৃপক্ষ। উল্লেখ্য, কৌশলগতভাবে ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি করতে সংস্থাটি প্রথমবারের মতো নিজস্ব তহবিল থেকে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে তৈরি দুটি বড় জাহাজ সংগ্রহ করেছে। আমেরিকান কোম্পানি 'হেলেনিক ড্রাই বাল্ক এলএলসি' থেকে ৭৭ মিলিয়ন ডলারে জাহাজ দুটি কেনা হয়। এর মধ্যে 'বাংলার প্রগতি' জাহাজটি গত অক্টোবর থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে এবং 'বাংলার নবযাত্রা' চলতি ফেব্রুয়ারির শুরুতে বহরে যুক্ত হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, বহরে নতুন জাহাজ যুক্ত হওয়া এবং চার্টারিং ভাড়া বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে। তবে সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) নিট মুনাফা ৫.৪২ শতাংশ কমে ১৩৬ কোটি ২৩ টাকা হয়েছে, যদিও এ সময় আয় ১১ শতাংশ বেড়ে ৩৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্ধ-বার্ষিক হিসেবে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৩৫ পয়সা।

অর্ধ-বার্ষিক মুনাফা কিছুটা কমার কারণ হিসেবে এমডি জানান, নতুন জাহাজ কেনার জন্য বিএসসির বড় অঙ্কের এফডিআর (স্থায়ী আমানত) ভাঙতে হয়েছে। আগে এফডিআর থেকে যে সুদ আয় হতো, জাহাজ কিনতে সেই টাকা বিনিয়োগ করায় সুদ বাবদ আয় কমেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক মুনাফায়। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন দুটি জাহাজ পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম চালালে আগামী প্রান্তিকগুলোতে মুনাফার গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী হবে।

১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ২০২৪-২৫ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা নিট মুনাফা করার রেকর্ড গড়েছিল বিএসসি। বর্তমানে বিএসসির বহরে জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭টিতে। ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত একটি করে নতুন জাহাজ নিজস্ব অর্থায়নে বহরে যুক্ত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি রকেট হামলার শিকার হয়ে পরিত্যক্ত ঘোষণা করার পর বীমা দাবি থেকে প্রাপ্ত অর্থও বিএসসির আর্থিক ভিত শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত