×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের পতনেও আশা হারাচ্ছেন না বিনিয়োগকারীরা

২০২৬ নভেম্বর ২৬ ১৫:১৫:১৮

সূচকের পতনেও আশা হারাচ্ছেন না বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষে সূচক পতনের মুখ দেখলেও আগামীতে বাজার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী বিনিয়োগকারীরা। এ কারণে পতনের মধ্যেও তারা আতঙ্কিত না হয়ে শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন। ফলে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, চলতি সপ্তাহটি বিগত সপ্তাহগুলোর চেয়ে কিছুটা বেশি ইতিবাচক ছিল। সঠিকভাবে বাজার মনিটরিং করা হলে আগামী সপ্তাহেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। এই আশা থেকেই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করে ধরে রাখছেন। তবে বিনিয়োগকারীদের উচিত এই মুহূর্তে ভালো শেয়ারগুলো কম দামে ক্রয় করা, যাতে বাজার ঘুরে দাঁড়ানোর সময় বিক্রি করে মুনাফা অর্জন করা যায়। গুজবের ভিত্তিতে হুট করে যেকোনো কোম্পানির শেয়ার না কিনে যাচাই-বাছাই করে সতর্কতার সঙ্গে লেনদেন করতে হবে। একই সঙ্গে ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করা বুদ্ধিমানের কাজ হবে। এতে ডিভিডেন্ডের মাধ্যমে লোকসান কাটিয়ে ওঠা সহজ হবে।

এদিকে, আজ (২৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৬.৩৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.৯৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯০.৭৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৩টির দর বেড়েছে, ১৮২টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭০৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২১০ কোটি ৮১ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির, কমেছে ৮৯টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৫৭.৩২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১০৫.৭৯ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত