×

ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে মনিটরিং দুর্বলতা, লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি

২০২৬ নভেম্বর ২৫ ১৪:৫৭:০৪

শেয়ারবাজারে মনিটরিং দুর্বলতা, লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে উত্থান হলেও তা ধারাবাহিকভাবে ধরে রাখা যাচ্ছে না। একদিন যে পরিমাণ পয়েন্ট বেড়েছে, পরদিন তার চেয়ে বেশি পয়েন্ট কমছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বাজার মনিটরিংয়ের দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

তাদের ভাষ্য, প্রয়োজনীয়ভাবে মনিটরিং না হওয়ায় দেশের শেয়ারবাজার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। বাজারে এখনো একটি চক্র সক্রিয় রয়েছে, যারা নিজেদের ইচ্ছেমতো বাজার পরিচালনা করে সুবিধা নিচ্ছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে বাজার স্বাভাবিক হবে না। নতুন কমিশনের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সূচক ও লেনদেন রেকর্ড পরিমাণে বেড়েছিল; তা অব্যাহত থাকলে এখন সূচক ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যেত। এতে বাজারে বিনিয়োগকারীর সংখ্যাও অনেক গুণ বাড়ত এবং বাজার স্থায়ীভাবে স্থিতিশীল হতো। কিন্তু বর্তমান কমিশনের দুর্বল মনিটরিংয়ের কারণে একটি অদৃশ্য শক্তি বাজারকে স্বাভাবিক ও স্থিতিশীল হতে দিচ্ছে না। ফলে বাজারে যতটুকু প্রবেশ করছে, তার চেয়ে বেশি বেরিয়ে যাচ্ছে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমছে। তাই কমিশন পরিবর্তন করে যোগ্য ব্যক্তি দিয়ে নতুন কমিশন গঠন করা প্রয়োজন।

এদিকে আজ (২৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৩.৩২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৬.১৯ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে, ২৭৬টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৫৮ কোটি ১৮ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩টির, কমেছে ১২০টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৬.১৮ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৯৬.৮৯ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত