×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হৃদরোগে মৃ/ত্যু কমাতে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ার আহ্বান

২০২৬ অক্টোবর ০৯ ১৪:২১:২১

হৃদরোগে মৃ/ত্যু কমাতে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: নেটওয়ার্ক এবং অ্যাম্বুলেন্স পুল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথ ল্যাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডা. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে ড. এম এ মুহিত বলেন, হৃদরোগের চিকিৎসায় ‘গোল্ডেন আওয়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগে প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের অন্তত পাঁচটি জেলাকে যুক্ত করে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালু করা যেতে পারে। এক বছর এ কার্যক্রম পরিচালনার পর সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেশব্যাপী অ্যাম্বুলেন্স পুল গঠনের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, জরুরি অ্যাম্বুলেন্স সেবা আরও জোরদার করার প্রতিশ্রুতি সরকারের নির্বাচনী ইশতেহারেও রয়েছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। সমন্বিত ও কার্যকর অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা গেলে জরুরি মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো সহজ হবে। পাশাপাশি এ ব্যবস্থা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগের দক্ষতাও বাড়ানো প্রয়োজন। যেকোনো চিকিৎসা বা হস্তক্ষেপের আগে রোগী ও স্বজনদের কাছে শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসাপদ্ধতি স্পষ্টভাবে ব্যাখ্যা করা হলে ভুল বোঝাবুঝি ও পরবর্তী আক্ষেপের আশঙ্কা অনেকটাই কমবে।

অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভুইয়া মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম পামী এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটু প্রমুখ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত