×

ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

২০২৬ অক্টোবর ০৭ ১৮:৪৮:২৫

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

স্পোর্টস ডেস্ক: মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবলও নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ২০৮তম ও শেষ ম্যাচ ছিল। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ৩৯ বছর বয়সী এই মহাতারকা দেশের হয়ে সর্বোচ্চ গোল ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হিসেবে বিদায় নিলেন।

মেসি চলে যাওয়ার পর আর্জেন্টিনার সামনে এখন শুধু একজন কিংবদন্তির শূন্যতা পূরণের বিষয়টি নেই, আক্রমণভাগের নেতৃত্ব কে দেবেন—সেটিও বড় প্রশ্ন। এর পাশাপাশি আলোচনায় এসেছে ঐতিহাসিক ১০ নম্বর জার্সি। মেসি ও দিয়েগো ম্যারাডোনার উত্তরাধিকার বহন করা এই জার্সি পরবর্তী সময়ে কার গায়ে উঠবে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির মর্যাদা অন্য যেকোনো সংখ্যার চেয়ে আলাদা। ম্যারাডোনা ও মেসির পাশাপাশি হুয়ান রোমান রিকেলমে, পাবলো আইমার ও আরিয়েল ওর্তেগার মতো তারকারাও বিভিন্ন সময়ে এই জার্সি পরেছেন। তবে মেসির মতো এত দীর্ঘ সময় ধরে দলের খেলার কেন্দ্রবিন্দুতে আর কেউ থাকতে পারেননি।

হুলিয়ান আলভারেজ: সবচেয়ে নিরাপদ বিকল্প?

মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা সম্ভাব্য নামগুলোর মধ্যে হুলিয়ান আলভারেজ অন্যতম। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মেসি না থাকলে নিয়মিত তার জায়গায় খেলেছেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৪-১ গোলের জয়ের ম্যাচেও গোল করেছিলেন তিনি।

আলভারেজের বড় শক্তি তার বহুমুখী সামর্থ্য। স্ট্রাইকার হিসেবে খেলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিচে নেমে আসতে পারেন, আক্রমণের দুই প্রান্তে যেতে পারেন এবং প্রতিপক্ষের রক্ষণে ধারাবাহিক চাপ তৈরি করতে পারেন।

তবে মেসির মতো স্বাভাবিক প্লে-মেকার নন আলভারেজ। মেসি মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করার পাশাপাশি নিজেও গোল করতে পারতেন। অন্যদিকে আলভারেজের প্রধান শক্তি গোলের দিকে দৌড়, সঠিক জায়গা নেওয়া এবং আক্রমণের শেষ ধাপে কার্যকর হওয়া। আন্তর্জাতিক ফুটবলে ৬১ ম্যাচে তার গোল ১৬টি।

নিকো পাজ: মেসির সঙ্গে সবচেয়ে বেশি মিল?

মেসির খেলার ধরন ও সৃজনশীলতার সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্য পাওয়া যায় নিকো পাজের খেলায়। কোমোর ২২ বছর বয়সী এই বাঁ পায়ের অ্যাটাকিং মিডফিল্ডার এরই মধ্যে আর্জেন্টিনা দলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচে তার গোল ৩টি।

পাজের অন্যতম বড় গুণ তার ফুটবল বুদ্ধিমত্তা। চাপের মধ্যে বল নিজের নিয়ন্ত্রণে রাখা, খেলার জায়গা বের করে নেওয়া, সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দেওয়া এবং দ্রুত আক্রমণ এগিয়ে নেওয়ার দক্ষতা তাকে আলাদা করে।

পাজের ফুটবল বোধ ও খেলা বুঝে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন মেসিও। ফলে সামনে আর্জেন্টিনার আক্রমণভাগে পাজকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।

ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো: নতুন প্রজন্মের বড় আশা

আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর নামও গুরুত্ব পাচ্ছে। মাত্র ১৯ বছর বয়সেই জাতীয় দলে নিজের প্রতিভার জানান দিয়েছেন এই আর্জেন্টাইন উইঙ্গার।

তার খেলার ধরনেও মেসির সঙ্গে কিছুটা মিল রয়েছে। ডান প্রান্ত থেকে ভেতরের দিকে ঢুকে খেলা, ড্রিবলিং, অল্প জায়গায় বল নিয়ন্ত্রণ এবং দূরপাল্লার শটে দক্ষতা—সব মিলিয়ে নিজেকে আলাদা করে তুলেছেন মাস্তান্তুয়োনো।

থিয়াগো আলমাদা: বহুমুখী বিকল্প

আলোচনায় রয়েছেন থিয়াগো আলমাদাও। লিওনেল স্কালোনির আস্থাভাজন ২৫ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার হয়ে ইতোমধ্যে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

আলমাদার অন্যতম শক্তি তার বহুমুখী খেলার ক্ষমতা। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলার পাশাপাশি প্রয়োজন হলে মাঝমাঠ কিংবা দুই প্রান্তেও তাকে খেলানো যায়।

তবে ইউরোপীয় ফুটবলে প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে না পারায় ১০ নম্বর জার্সির দৌড়ে আপাতত তাকে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

মেসির জায়গা একজন দিয়ে পূরণ করা সম্ভব নয়

আর্জেন্টিনার নতুন যুগে পরিকল্পনাটি সম্ভবত কোনো একজন খেলোয়াড়কে ‘নতুন মেসি’ হিসেবে তৈরি করার ওপর নির্ভর করবে না। মেসি যে দায়িত্বগুলো একাই পালন করতেন, সেগুলো বরং একাধিক খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দিতে হবে।

এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাওতারো মার্তিনেজদের নিয়ে আর্জেন্টিনার বর্তমান দলের ভিত্তি যথেষ্ট শক্ত। তাদের পাশাপাশি পাজ, মাস্তান্তুয়োনো, আলভারেজ কিংবা আলমাদাদের মতো নতুন প্রজন্মের খেলোয়াড়দেরও সামনে আরও বড় দায়িত্ব নিতে হবে।

দলের সেরা প্লেমেকার, গোলদাতা, আক্রমণের প্রধান সৃজনশীল শক্তি এবং কঠিন সময়ে পার্থক্য গড়ে দেওয়ার খেলোয়াড়—মেসি একই সঙ্গে এসব দায়িত্ব পালন করেছেন। তাই একজন খেলোয়াড়ের পক্ষে তার সব দায়িত্ব একা নেওয়া বাস্তবসম্মত নয়।

মেসি-পরবর্তী আর্জেন্টিনার সবচেয়ে বড় পরীক্ষা তাই ‘নতুন মেসি’ খুঁজে বের করা নয়, বরং একটি কার্যকর দল গড়ে তোলা। ১০ নম্বর জার্সি শেষ পর্যন্ত কার গায়ে উঠবে, তার উত্তর সময়ই দেবে। তবে মেসিকে হারানোর পরও জয়ের ক্ষুধা, সৃজনশীলতা ও দলগত শক্তি কীভাবে ধরে রাখা যায়, সেটিই হবে আর্জেন্টিনার সামনে মূল চ্যালেঞ্জ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে বুধবার স্বর্ণের দরে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।... বিস্তারিত