ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ ব্যর্থতার পর ভবিষ্যৎ নিয়ে ভাবনায় নেইমার
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন নেইমার। এবার নিজের পেশাদার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে তাকে ছুটি দিয়েছে তার শৈশবের ক্লাব সান্তোস।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই ফুটবলারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ছয় মাস বাকি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর তিনি আদৌ পেশাদার ফুটবল চালিয়ে যাবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে জোরালো সংশয়।
সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে নেইমার ক্লাবে থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আলোচনায় বসতে ক্লাবটি বর্তমানে নেইমার ও তার প্রতিনিধিদের পক্ষ থেকে ইতিবাচক সংকেতের অপেক্ষায় রয়েছে।
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নেইমার। সেখানে তিনি অন্তত ১০ দিনের ছুটি কাটাবেন।
গত রোববার (৫ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই দলটির সবচেয়ে দ্রুত বিদায়। ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার।
আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করলাম।’
উল্লেখ্য, ২০১০ সালে এই মাঠেই ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার।
ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন নেইমারের বাবা, যা থেকে ধারণা করা হচ্ছে, নেইমার ক্লাব ফুটবল থেকেও অবসরের বিষয়টি বিবেচনা করছেন।
ইনস্টাগ্রামে নেইমার সিনিয়র লেখেন, ‘একজন বাবা হিসেবে আমার একটা অনুরোধ। নেই, ফুটবল খেলা চালিয়ে যাও। পায়ে বল নিয়ে সেই পুরোনো আনন্দটা আবার খুঁজে নাও। মাঠের বুকে আবার তোমার মুখে হাসি ফুটুক।’
২০২৩ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা এবং ইনজুরি সমস্যায় ভোগার পরও গত মে মাসে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন।
চলতি বিশ্বকাপে দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার। নরওয়ের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোলও করেন তিনি। তবে সেই গোলও ব্রাজিলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত ওই ম্যাচই তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে রইল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর