ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ফ্রান্স ম্যাচের আগে মরক্কোর বড় ধাক্কা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল মরক্কো। দলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড ইসমাইল সাইবারিকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে হবে আফ্রিকার প্রতিনিধিদের। হ্যামস্ট্রিং চোটের কারণে ২৫ বছর বয়সী এই ফুটবলার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলতে পারবেন না। তবে তার চোট গুরুতর নয় এবং বিশ্বকাপের বাকি অংশ থেকেও তিনি ছিটকে যাচ্ছেন না।
মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাইবারির অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাইবারি ছাড়া সবাইকে আমরা পাচ্ছি। এই ম্যাচটি তার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে। তবে আশা করছি, পুরো টুর্নামেন্ট থেকেই সে ছিটকে পড়বে না।’
তিনি আরও বলেন, ‘দলের সবাই প্রস্তুত রয়েছে। তবে আমরা শুধু শতভাগ ফিট খেলোয়াড়দেরই মাঠে নামাব।’
গত শনিবার হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো। তবে ম্যাচের ২২ মিনিটে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলে সাইবারিকে মাঠ ছাড়তে হয়। এরপর কয়েক দিন ধরে তার চোটের মাত্রা নির্ণয়ে ধারাবাহিক চিকিৎসা পরীক্ষা ও পর্যবেক্ষণ চালানো হয়।
দল বোস্টনে পৌঁছানোর পর সোমবার তার এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে জানা যায়, চোটটি গুরুতর নয়। ফলে ফ্রান্সের বিপক্ষে খেলতে না পারলেও টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে তাকে পাওয়ার আশা ছাড়ছে না মরক্কো।
এবারের বিশ্বকাপে মরক্কোর হয়ে অন্যতম উজ্জ্বল পারফরমার সাইবারি। গ্রুপ পর্বে তিনি ব্রাজিলের বিপক্ষে প্রথম গোল করেন, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল উপহার দেন এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোল করেন।
শেষ বত্রিশের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও নেন তিনি। গোলটি তার জন্য বিশেষ আবেগের ছিল, কারণ এখন পর্যন্ত পুরো ক্লাব ক্যারিয়ার তিনি নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনেই কাটিয়েছেন।
বিশ্বকাপ শুরুর ঠিক আগে, গত ১ জুলাই দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন সাইবারি। এই দলবদলের মাধ্যমে তিনি আশরাফ হাকিমির পর মরক্কোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলার হন।
কানাডার বিপক্ষে সাইবারির পরিবর্তে মাঠে নেমেছিলেন সুফিয়ান রহিমি। ফ্রান্সের বিপক্ষেও আক্রমণভাগে শুরুর একাদশে তাকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে ওয়াহবির বিশ্বাস, একজন ফুটবলারের ওপর নির্ভর না করে পুরো স্কোয়াডের শক্তি দিয়েই শক্তিশালী ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে পারবে তার দল।
তিনি বলেন, ‘কোনো প্রতিযোগিতায় অনেক দূর যেতে চাইলে পুরো দলকে দরকার হয়। যারা শুরুর একাদশে থাকে না, তারাও জানে ম্যাচের শেষ দিকে নেমে পার্থক্য গড়ে দেওয়ার সুযোগ তাদের থাকবে।’
ওয়াহবি আরও বলেন, ‘আমাদের প্রথম একাদশ আছে, আবার বেঞ্চ থেকেও এমন খেলোয়াড়রা নামে, যারা মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা পুরো দলের জন্য ইতিবাচক বিষয় এবং আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়।’
তবে সাইবারির অনুপস্থিতির মাঝেও মরক্কো কিছুটা স্বস্তি পাচ্ছে আরেকটি কারণে। সেন্টারব্যাক শাদি রিয়াদের ফ্রান্সের বিপক্ষে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। নায়েফ আগুয়ের্দ শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর রিয়াদই প্রথম পছন্দের সেন্টারব্যাক হিসেবে খেলছিলেন এবং ইসা দিয়পের সঙ্গে ভালো বোঝাপড়া গড়ে তুলেছিলেন।
কানাডার বিপক্ষে অজ্ঞাত একটি চোটের কারণে তিনি খেলতে পারেননি। তার বদলে খেলেন রেদুয়ান হালহাল, তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফ্রান্সের বিপক্ষে আবারও শুরুর একাদশে ফিরবেন রিয়াদ।
২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এবারই প্রথমবারের মতো ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মরক্কো। চার বছর আগে ফরাসিদের কাছে হেরে বিদায় নিলেও আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়েছিল মরক্কো। এবার সেই স্মৃতি পেছনে ফেলে প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আটলাস লায়ন্সরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)