ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে কত কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের চলতি আসরে প্রথমবার অংশ নিয়েই বিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ছোট্ট আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি শুধু আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নতুনভাবে পরিচিতই করেনি, বরং অর্থনৈতিকভাবেও বড় অর্জনের পথে এগিয়েছে।
মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই রচনা করেছে রূপকথার গল্প। শেষ পর্যন্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় লড়াইয়ে বিদায় নিতে হলেও মাঠের সাফল্যের পাশাপাশি তারা ঘরে তুলতে যাচ্ছে বিশাল অঙ্কের প্রাইজমানি।
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় আসে কেপ ভার্দে। এরপর বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।
শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাগজে-কলমে শক্তির ব্যবধান থাকলেও মাঠের লড়াইয়ে তা বোঝা যায়নি। দুইবার পিছিয়ে পড়েও দুইবারই সমতায় ফিরে আসে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১১১ মিনিটে আত্মঘাতী গোলের কারণে ৩-২ ব্যবধানে হেরে শেষ হয় তাদের অবিশ্বাস্য বিশ্বকাপ যাত্রা।
মাঠের অভিযান শেষ হলেও প্রাপ্তির তালিকা এখনও সমৃদ্ধ হচ্ছে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও ফিফার প্রাইজমানি হিসেবে বড় অঙ্কের অর্থ পাচ্ছে দেশটি।
চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে ফিফা মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি বিতরণ করবে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া প্রস্তুতি, প্রশিক্ষণ, ভ্রমণ ও অন্যান্য ব্যবস্থাপনার জন্য দেওয়া হবে আরও ২ দশমিক ৫ মিলিয়ন ডলার।
ছোট ফুটবল দেশগুলোর জন্য রয়েছে অতিরিক্ত সহায়তাও। কেপ ভার্দের মতো দেশগুলো যাতায়াত, টিকিট এবং বিভিন্ন সাংগঠনিক ব্যয়ের জন্য ১৬ মিলিয়ন ডলারের বেশি আর্থিক সহায়তা পাবে। এর বাইরে নকআউট পর্বে ওঠার পুরস্কারও রয়েছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো যেখানে পাবে ৯ মিলিয়ন ডলার, সেখানে শেষ ৩২-এ উঠে বিদায় নেওয়া দলগুলো অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার পাবে।
সব মিলিয়ে কেপ ভার্দের প্রাপ্তির পরিমাণ দাঁড়াচ্ছে কমপক্ষে ২১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৫০ কোটির টাকারও বেশি।
এই অর্থ সরাসরি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের হাতে যাবে। ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক ফুটবল, কোচিং কার্যক্রম এবং দেশটির ফুটবলের সামগ্রিক বিকাশে কীভাবে এই অর্থ ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত নেবে ফেডারেশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর