ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

‘আমরা আসছি’, ঐতিহাসিক জয়ের পর ব্রাজিলকে নরওয়ে কোচের বার্তা

২০২৬ জুলাই ০২ ১২:৪৮:৪০

‘আমরা আসছি’, ঐতিহাসিক জয়ের পর ব্রাজিলকে নরওয়ে কোচের বার্তা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে দলটি। ১৯৩৮ ও ১৯৯৮ সালের নকআউট পর্বের হতাশা পেছনে ফেলে দীর্ঘ কয়েক দশক পর অর্জিত এই সাফল্যের পর ড্রেসিংরুমে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন নরওয়ের খেলোয়াড়রা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘প্ল্যানেটা দো ফুতবল’-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে ড্রেসিংরুমে নরওয়েজিয়ান ভাষায় আবেগঘন বক্তব্য দিচ্ছিলেন প্রধান কোচ স্তালে সোলবাকেন। বক্তব্যের শেষদিকে তিনি হঠাৎ ইংরেজিতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে উদ্দেশ করে বলেন, ‘কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’

সোলবাকেনের এই সাহসী ও রসিকতাপূর্ণ মন্তব্যে ড্রেসিংরুমে উপস্থিত খেলোয়াড়দের মধ্যে হাসির রোল পড়ে যায়। মুহূর্তটি হাততালি ও উচ্ছ্বাসে উদযাপন করেন সবাই।

দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও স্মরণীয় এই জয়কে বিশেষভাবে উদযাপন করেন। ইনস্টাগ্রামে ম্যাচের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এমন একটা দিন, যা আমরা কোনোদিন ভুলব না।’

তবে জয়টি সহজে আসেনি। ম্যাচের শুরুতে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্টই ছিল বেশি প্রভাবশালী। শুরুর দিকেই উইঙ্গার নিকোলাস পেপের জোরালো শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড।

সময়ের সঙ্গে ম্যাচে নিজেদের ছন্দ ফিরে পায় নরওয়ে। ৩৯তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে বল পেয়ে ২১ বছর বয়সী আন্তোনিও নুসা দারুণ এক বাঁকানো শটে বল জালের ওপরের কোণায় পাঠান।

এই গোলের মাধ্যমে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লেখান নুসা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আইভরি কোস্ট। ৭৪তম মিনিটে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো নিকোলাস পেপের সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসিংয়ের পর একক নৈপুণ্যে নরওয়ের রক্ষণভাগ ভেঙে ১-১ সমতা ফেরান।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই জ্বলে ওঠে নরওয়ের আক্রমণভাগ। ৮৬তম মিনিটে অস্কার বব ও প্যাট্রিক বার্গের দারুণ সমন্বয়ে আইভরি কোস্টের রক্ষণভাগ ছিন্নভিন্ন হয়ে যায়। তাদের তৈরি করা সুযোগ থেকে অত্যন্ত কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন আর্লিং হালান্ড।

এই জয়সূচক গোলের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের ৬০তম গোলের মাইলফলকও স্পর্শ করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

আইভরি কোস্টকে বিদায় করে এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। অন্যদিকে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা।

আগামী সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচটি বিশ্বকাপে এখন পর্যন্ত স্তালে সোলবাকেনের শিষ্যদের জন্য সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত