ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রেফারি কি ইংল্যান্ডের পক্ষ নিয়েছিলেন?
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে বিতর্ক নতুন নয়। তবে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রেফারিং এবং ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ব্যবস্থা। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া ম্যাচে ঘানাকে একটি স্পষ্ট পেনাল্টি না দেওয়ার অভিযোগে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সাবেক রেফারি থেকে শুরু করে ঘানার কোচ-অনেকেই মনে করছেন, গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে সুবিধা পেয়েছে ইংল্যান্ড।
মঙ্গলবার বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ঘানা। ম্যাচের ৭৯তম মিনিটে ঘানার প্রিন্স আদু গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। সে সময় ইংল্যান্ডের ডিফেন্ডার এজরি কনসা পিছন থেকে তাকে ট্যাকল করেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, কনসা বল স্পর্শ না করে আদুর হাঁটুতে আঘাত করেন। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং ঘটনাটি ভিএআর পর্যালোচনার আওতায়ও আনা হয়নি।
এই সিদ্ধান্তের পরই শুরু হয় বিতর্ক। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি মার্ক হ্যালসি বলেন, “কনসা অবিশ্বাস্য রকম ভাগ্যবান ছিল। এটি পেনাল্টি হওয়া উচিত ছিল।” তার মতে, ফাউলটি অফসাইডের আগেই সংঘটিত হয়েছিল। ফলে অফসাইডের যুক্তি দেখিয়ে ঘটনাটি উপেক্ষা করার সুযোগ ছিল না।
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, “মনে হচ্ছে ভিএআর কফি খেতে গিয়েছিল।” তার দাবি, ঘটনাটি শুধু পেনাল্টিরই নয়, লাল কার্ডের দাবিও রাখতে পারত।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন, একই ধরনের ঘটনা যদি ইংল্যান্ডের বিপক্ষে ঘটত, তাহলে সিদ্ধান্ত কি একই থাকত? বিশ্বকাপের মতো বড় আসরে ভিএআর প্রযুক্তি থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত রেফারিংয়ের মান ও প্রযুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
অন্যদিকে ইংল্যান্ডের জন্য ড্রটি ছিল হতাশাজনক। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর ঘানাকে হারাতে পারলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে যেত দলটি। কিন্তু আক্রমণভাগের নিষ্প্রভ পারফরম্যান্স এবং বিতর্কিত মুহূর্তে ভাগ্যের সহায়তায় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে থমাস টুখেলের শিষ্যদের।
ম্যাচ শেষ হলেও বিতর্ক থামেনি। বরং বিশ্বকাপে রেফারিং ও ভিএআর ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনার কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন-ঘানার প্রাপ্য পেনাল্টি কি সত্যিই কেড়ে নেওয়া হয়েছে?
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত