ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি কর্মসংস্থান করা হবে: তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ২০:০৪:২২

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি কর্মসংস্থান করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে আগামী পাঁচ বছরে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পীরজঙ্গি মাজার সড়কে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, ‘এই এলাকায় (ঢাকা-৮ আসন) তরুণ-যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে, এই সমস্যা শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এরজন্য বিএনপি এই ব্যাপারে কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।’

বেকারত্ব দূরীকরণে তাঁর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা দেশে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমন্ত্রণ জানাব, দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন বেকার সমস্যার সমাধান করব। একইভাবে ঢাকা-৮ আসনসহ যত জেলা আছে, সর্বত্র ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করব, সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে ধীরে ধীরে গড়ে তুলবো। যার ফলে তারা দেশেই নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিতে পারবে, নিজেদের বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে।’

বিদেশে গমনেচ্ছুদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা দেখেছি আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে আছেন। এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাওয়ার আগে অর্থ সংকটের কারণে নিজেদের বাপ-দাদার জমি বিক্রি করতে হয়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে এই দক্ষ মানুষ যারা বিদেশে যাবে আমাদের তরুণরা, যুবকরা যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না, তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেবো না। তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেবো। যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান করে পরিশোধ করবে। কিন্তু বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।’

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা, এবং ইমাম-মোয়াজ্জিনসহ সকল ধর্মগুরুদের জন্য সম্মানী ভাতা প্রবর্তনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমি আমার বক্তব্যে দলের পরিকল্পনা তুলে ধরলাম। ১২ তারিখে আপনাদের পরিকল্পনা কী আমি জানতে চাই?’ এ সময় উপস্থিত হাজার হাজার জনতা ‘ধানের শীষ, ধানের শীষ’ বলে স্লোগান দেন। এছাড়া তিনি ঢাকা-৮ আসনে খেলার মাঠ নির্মাণ, কবরস্থানের জায়গা প্রদান এবং জলাবদ্ধতা দূর করার বিশেষ আশ্বাস দেন।

জনসভায় ঢাকা-৮ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সারাদেশের জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। ১৭ বছর উত্তপ্ত রাজপথে হেঁটে, নির্যাতিত হয়ে, গুম-খুন সহ্য করে আমরা এই ভোটের অধিকার আদায় করেছি। আমরা বুঝতে পারছি বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মহল বিশেষ বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীকে পাস করানোর জন্য চিন্তাভাবনা করছে। এরমধ্যে ঢাকায় কয়েকটি সিট ও বাংলাদেশে কয়েকটি সিট জোরজবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ছিনতাই করার চেষ্টা করবে।’

তিনি নেতাকর্মীদের পোলিং সেন্টার পাহারা দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘আমরা ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছি, বহু রক্ত ঝরিয়েছি। আর একটা দিন কষ্ট করে আমরা ভোট দেবো, পোলিং সেন্টার পাহারা দেবো। ওই পোলিং সেন্টারে যদি কেউ বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চায়, সরকারি কর্মকর্তা হোক, বেসরকারি কর্মকর্তা হোক কাউকে কিছু করার সুযোগ দেওয়া হবে না।’

জনসভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত