ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

দেশকে দুর্নীতিমুক্ত করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১৮:২০:২১

দেশকে দুর্নীতিমুক্ত করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “২০০১ সালে বিএনপি যখন জনগণের সমর্থনে সরকার গঠন করে, তখন বাংলাদেশের গায়ে ছিল দুর্নীতির তকমা। বেগম খালেদা জিয়ার সরকার ২০০৬ সালে যখন ক্ষমতা ছেড়ে দেয়, তখন দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

তারেক রহমান বিগত ১৬ বছরের অরাজকতা ও দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, “এই দেশে যে দুর্নীতি আমরা গত ১৬ বছর ধরে দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে।”

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রসঙ্গে তিনি বলেন, “খালেদা জিয়ার সরকারের সময় যে দুর্নীতি দমন কমিশন করা হয়েছিল, সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যেকোনো ব্যক্তির দুর্নীতির তদন্ত তারা স্বাধীনভাবে করতে পারত। তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই বিএনপি সরকার দুর্নীতি দমন কমিশনকে শতভাগ স্বাধীন করে দিয়েছিল।”

দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে তারেক রহমান বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, এখানে বসে থাকা মুক্তিযোদ্ধারা ভালো বলতে পারবেন। পরে জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন কীভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন হয়েছে। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন তখন চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন মা-বোনরা যেকোনো সময় নিরাপদে রাস্তায় হাঁটা-চলা করতে পারতেন। ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারতেন।”

তিনি আরও বলেন, “অর্থাৎ বিএনপির সেই অভিজ্ঞতা আছে কীভাবে দুর্নীতি থেকে দেশকে টেনে বের করে আনতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হয়, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়। তাই বলছি, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে।”

নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, “বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে তাদের মধ্যে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে কেবল বিএনপির।”

পথসভায় তারেক রহমান প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল সংস্কার ও নির্মাণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে কার্যকর ও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত