×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ নয়: হেফাজত ইসলাম

২০২৬ নভেম্বর ২৬ ১৯:১৩:২২

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ নয়: হেফাজত ইসলাম

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে’র প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, ভারতের ‘পাপেট’ বা পুতুল হিসেবে উল্লেখ করা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সে ক্ষেত্রে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। তাঁদের দাবি, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের পরীক্ষিত মিত্র হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভীত। এ কারণে পশ্চিমবঙ্গের ছোট নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁরা মনে করেন। বাংলাদেশের জনগণ এসব হুমকিকে পরোয়া করে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে দেশে ভারতের চিহ্নিত ‘অ্যাসেট’ বা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের একে একে নির্মূল করার কথা বলেন তাঁরা।

বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয় উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, ভারতের এখন বাস্তবতা উপলব্ধি করা উচিত। তাঁদের অভিযোগ, পুতুল হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে রেখে দেশটির সার্বভৌমত্ব হরণের ষড়যন্ত্র করেছে আধিপত্যবাদী ভারত।

বিবৃতিতে আরও বলা হয়, মোদিবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পাশাপাশি ভারতের আগ্রাসী আচরণের বিরোধিতা করায় জনপ্রিয় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হয়েছেন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থীদের ওপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। পিলখানায় ৫৭ জন শহীদ সেনা কর্মকর্তার পাশাপাশি শহীদ ওসমান হাদির রক্তের দায়ও ভারতের ওপর রয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। এ দায় একদিন দেশটিকে শোধ করতে হবে বলেও মন্তব্য করেন হেফাজত নেতারা।

তাঁরা আরও বলেন, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষা দিতে ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান প্রচার করছে। ২০২৪ সালে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রচারযুদ্ধ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, কোনো অজুহাতে বাংলাদেশে আঘাত করা হলে পাল্টা আঘাতের পরিণতি সেভেন সিস্টার্স হয়ে দিল্লির ক্ষমতার কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে। জুলাইয়ে ঈমানি শক্তিতে বলীয়ান বিপ্লবী ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা রক্ষার সক্ষমতা প্রমাণ করেছে। সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলেও তাঁরা বিশ্বাস করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত