×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান

২০২৬ অক্টোবর ১২ ১২:০১:২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আর হারার শঙ্কা নেই পাকিস্তানের। রোববার দ্বিতীয় ম্যাচে ৮২ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দলটি। সিরিজ জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছেন পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান।

অধিনায়ক হিসেবে এটিই ফারহানের প্রথম সিরিজ জয়। তবে ব্যক্তিগত এই সাফল্যের চেয়ে দলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশি সন্তুষ্ট তিনি। ২০২৬ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নতুন রূপ দিয়েছে এই ব্যাটিং। এখন প্রতিটি ম্যাচেই ২০০ রানের গণ্ডি পেরোনোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে দলটি।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাওয়ারপ্লেতে পাকিস্তানের রান তোলার গতি ছিল মন্থর। তারপরও ২০০ রানের বেশি সংগ্রহের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন ফারহান। শেষ পর্যন্ত মাজ সাদাকাতের দুর্দান্ত ইনিংস এবং অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেটে ২১৫ রান করে পাকিস্তান। দেশের মাটিতে টি-টোয়েন্টিতে এটিই দলটির সর্বোচ্চ সংগ্রহ। আর পুরুষদের টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০২১ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে করা ২৩২ রান তালিকায় সবার ওপরে রয়েছে।

ম্যাচ শেষে ফারহান বলেন, ‘পাওয়ারপ্লেতে বেশি রান না এলেও আমি নিশ্চিত ছিলাম, আমরা ২০০–এর বেশি করব।’

দলের বদলে যাওয়া ব্যাটিং ধরন তুলে ধরে তিনি আরও বলেন, ‘২০২৬ সালে আমরা আলাদা একটি টি-টোয়েন্টি দল। আমাদের ছক্কা মারার হার বেড়েছে। ব্যাটাররা ১৫০–এর বেশি স্ট্রাইক রেটে রান করছেন। এভাবে চললে আমরা প্রতিবারই ২০০–এর বেশি রান করব। এই দুই ম্যাচে যে তীব্রতায় খেলেছি, পরের ম্যাচেও সেভাবেই খেলব।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত