×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হতে হবে: অর্থমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৯ ১৭:০০:২০

শিক্ষার্থীদের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হতে হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের কম্পিউটার, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হওয়া যথেষ্ট নয়; ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতাও অর্জন করতে হবে। এসব দক্ষতা না থাকলে ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হবে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক উপ-পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাঁদের সাফল্যের পেছনে পরিবার ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সহযোগিতা ছাড়া একজন শিক্ষার্থীর পক্ষে সব অর্জন করা সম্ভব নয়। যে পরিবারে পড়াশোনার উপযুক্ত পরিবেশ থাকে না, সেখানে ভালো ফল করা কঠিন হয়ে পড়ে। যথাযথ পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরও ভালো করতে পারে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেও এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ঐতিহাসিকভাবেই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। স্কুলে প্রবেশের পর তাঁর শিক্ষাজীবনের নানা স্মৃতি মনে পড়ে যায়। স্কুলের সমাবেশ, ক্রিকেট খেলা ও গ্রন্থাগার ঘিরে শৈশবের স্মৃতিগুলো এখনো তাঁর হৃদয়ে অমলিন। জীবনের অনেক ঘটনা মানুষ ভুলে গেলেও স্কুলজীবনের স্মৃতি সহজে ভোলা যায় না। তাঁর শিক্ষকদের নাম এখনো মনে আছে। স্কুলের দপ্তরিসহ বিভিন্নভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্মৃতিও তাঁর মনে ছবির মতো আঁকা রয়েছে।

মন্ত্রী বলেন, স্কুলটির পরিচালনা ও উন্নয়ন এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা নিশ্চিত করার বিষয়টি তাঁর কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ।

কলেজিয়েট স্কুলের গ্রন্থাগার আগের মতো কার্যকর নেই জেনে দুঃখ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও পাঠাভ্যাস গড়ে তোলার জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারের গুরুত্ব অনেক। তাই গ্রন্থাগারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্কুলটিতে কম্পিউটার ল্যাব না থাকায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সময়ে কম্পিউটার ল্যাব ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। এখানে কম্পিউটার ল্যাব স্থাপন করে দেওয়া হবে।

দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

এর আগে সকালে নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকে শুধু সাইকেল আরোহীরাই চলাচল করতে পারবেন। এ ধরনের উদ্যোগ দেশে প্রথম।

ট্র্যাকটি উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি সড়কের পাশে সাইকেল চালানোর জন্য আলাদা লেন রয়েছে। সেসব দেশের মানুষ সাইকেলে করে অফিসে যান, ফলে তাঁদের শরীরচর্চাও হয়। এ কারণে তাঁদের অসুস্থ হওয়া বা রোগে আক্রান্ত হওয়ার হার কম। বর্তমান সরকারও দেশে এ ধারণা বাস্তবায়ন করতে চায়।

চট্টগ্রাম নগরীতে সাইকেল চলাচলের জন্য আরও চার-পাঁচটি পথ নির্মাণে মেয়রকে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, শুধু বাস ও ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভর না করে সাইকেল ব্যবহারের সুযোগ বাড়ানো প্রয়োজন।

নগরীর খালগুলোর দুই পাশে যেখানে সম্ভব হাঁটার পথ নির্মাণের জন্য মেয়রকে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ যেন নির্বিঘ্নে হাঁটতে ও দৌড়াতে পারে, সে জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। দেশের ক্রীড়াঙ্গনে দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফের মতো ইভেন্টে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতেও প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে।

মন্ত্রী আরও বলেন, নারী-পুরুষ সবার হাঁটার সুবিধার্থে নগরীর বিভিন্ন এলাকায় হাঁটার পথ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরজীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্টকেন্দ্রিক হয়ে পড়ায় শারীরিক কর্মকাণ্ডের সুযোগ কমছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযোগী পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত