ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
জেলা স্টেডিয়ামগুলো আধুনিক করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন অবকাঠামো নির্মাণের আগে বর্তমানে থাকা মাঠ ও স্টেডিয়ামগুলো যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
আমিনুল হক জানান, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের ব্যবস্থা করা হবে। এ জন্য সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে স্টেডিয়ামগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনাও রয়েছে।
খেলাধুলার সুযোগ বাড়াতে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে। তাঁর মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মৌলভীবাজারের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে মো. আমিনুল হক বলেন, অবৈধভাবে দখলে থাকা খেলার মাঠগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফলের জন্য শুধু অংশগ্রহণেই সরকার সীমাবদ্ধ থাকতে চায় না বলে জানান প্রতিমন্ত্রী। সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যেও দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- সালমান শাহ হ/ত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না