×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী

২০২৬ অক্টোবর ০৫ ১৪:৫৪:২০

শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার উদ্দেশ্য কেবল জীবিকা অর্জন নয়, এর মাধ্যমে নিজেকে যোগ্য ও ভালো নাগরিক হিসেবে গড়ে তোলাও জরুরি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর কলাবাগানের লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, দেশের প্রতি ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হলো নিজেকে দেশের জন্য উপযুক্ত করে গড়ে তোলা। শিক্ষার্থীদেরও সেই লক্ষ্য সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। তাঁর মতে, একটি বিদ্যালয়ের মান কেবল ভবন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ কিংবা উন্নত আসবাব দিয়ে বিচার করা যায় না। শিক্ষার্থীরা ভবিষ্যতের যোগ্য নাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা পাচ্ছে কি না, সেটিই বিদ্যালয়ের মান নির্ধারণের অন্যতম প্রধান বিষয়।

তিনি বলেন, ভালো উপার্জনের ক্ষেত্রেও শিক্ষার প্রয়োজন রয়েছে। তবে একটি শিক্ষিত জাতি গঠনের জন্য ভালো মানুষ হওয়ার শিক্ষাও দরকার। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিজের যত্নের বিষয়েও শিক্ষার্থীদের সচেতন হতে হবে। যেকোনো পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও তাদের অর্জন করতে হবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, কোনো সন্তান পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় না হলে হতাশ হওয়ার কারণ নেই। তাকে বকাঝকা না করে পাশে থেকে সর্বোচ্চ সক্ষমতা অর্জনের জন্য উৎসাহ দিতে হবে। অন্য কোনো সন্তানের সঙ্গে তুলনা না করে নিজের সন্তানের প্রতিভা ও আগ্রহ বিকাশের সুযোগ করে দিতে হবে।

শেখ রবিউল আলম আরও বলেন, সব সন্তানের প্রতিভা ও সক্ষমতা সমান নয়। তাই বাবা-মায়ের নিজেদের ইচ্ছা সন্তানের ওপর চাপিয়ে না দিয়ে তার আগ্রহ ও দক্ষতা অনুযায়ী এগিয়ে যেতে সহযোগিতা করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষকদের পরামর্শও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

বিদ্যালয়টির অবকাঠামো ও লজিস্টিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ভোট দিয়ে নির্বাচিত করায় এলাকার মানুষের প্রতি তাঁর দায়িত্ব রয়েছে। বিদ্যালয়টিকে আরও সুযোগ-সুবিধাসম্পন্ন করার জন্য তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেকে গড়ে তুলতে শতভাগ সময় কাজে লাগাতে হবে। সময় ব্যয় করে অর্জন করা জ্ঞান ও যোগ্যতাই মানুষের প্রকৃত সম্পদ। জ্ঞান ও যোগ্যতা অন্যের সঙ্গে ভাগ করে নিলেও তা কমে না; বরং এর সুফল পুরো বিশ্ব পায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বেগম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিউল আজমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত