×

ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

চুলের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

২০২৬ সেপ্টেম্বর ০৮ ০৯:০৬:৫৯

চুলের যত্নে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ডুয়া ডেস্ক: ঘন ও ঝলমলে চুল কে না চান। তবে নিয়মিত তেল দেওয়া কিংবা শ্যাম্পু করলেই চুলের সুস্বাস্থ্য নিশ্চিত হয় না। চুলের গোড়া সুস্থ রাখতে মাথার ত্বকের যত্নও সমান গুরুত্বপূর্ণ। মাথার ত্বকে খুশকি, অতিরিক্ত তেল, শুষ্কতা বা কোনো ধরনের সংক্রমণ থাকলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে।

তাই চুলের যত্ন নেওয়ার সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি।

যে ভুলগুলো না করাই ভালো

মাথায় খুশকি থাকলেও অনেকেই রাতে প্রচুর তেল মেখে ঘুমিয়ে পড়েন। তবে এতে সবসময় উপকার পাওয়া যায় না। বিশেষ করে মাথার ত্বক তৈলাক্ত হলে অতিরিক্ত তেল অস্বস্তি আরও বাড়াতে পারে।

গোসলের সময় খুব গরম পানি ব্যবহার করাও চুল ও মাথার ত্বকের জন্য ভালো নয়। অতিরিক্ত গরম পানিতে চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে গিয়ে তা রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে।

খুশকি কমাতে ঘন ঘন শক্তিশালী শ্যাম্পু ব্যবহার করাও ঠিক নয়। নিজের মাথার ত্বকের ধরন বুঝে প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু বেছে নেওয়া উচিত। তেল ব্যবহারের ক্ষেত্রেও পরিমাণের দিকে নজর রাখা জরুরি। শ্যাম্পু করার প্রায় ৩০ মিনিট আগে হালকা হাতে তেল মালিশ করলেই যথেষ্ট হতে পারে।

মাথার ত্বকের যত্ন যেভাবে নেবেন

মাথার ত্বক তৈলাক্ত হলে তেল ও মৃত কোষ জমে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। এ ক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত শ্যাম্পু কিছু মানুষের জন্য উপকারী হতে পারে। অন্যদিকে চুল অতিরিক্ত শুষ্ক হলে গ্লিসারিনের মতো ময়েশ্চারাইজিং উপাদানযুক্ত শ্যাম্পু বেছে নেওয়া যেতে পারে।

হেয়ার স্প্রে, জেল বা সিরামের মতো স্টাইলিং পণ্য অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। বিশেষ করে এসব পণ্য সরাসরি মাথার ত্বকে লাগানো এড়িয়ে চলা উচিত। নিয়মিত ব্যবহারে পণ্যের অবশিষ্টাংশ জমে অস্বস্তি বা জ্বালাপোড়া তৈরি হতে পারে।

শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না। চুলের সুস্থতার জন্য শরীরের ভেতর থেকেও প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা জরুরি। প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন, আয়রন, জিঙ্ক ও বিভিন্ন ভিটামিন থাকা প্রয়োজন। ডিম, মাছ, মাংস, ডাল, শাকসবজি, বাদামসহ অন্যান্য পুষ্টিকর খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

চুল পড়া হঠাৎ বেড়ে গেলে কিংবা মাথার ত্বকে অতিরিক্ত চুলকানি, লালচে ভাব বা ঘা হলে শুধু ঘরোয়া যত্নের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত