ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
ডুয়া ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় স্বর্ণের দামে সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তা জানতে আগামী সপ্তাহের নীতিনির্ধারণী বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।
অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘উচ্চ জ্বালানি মূল্যের কারণে মূল্যস্ফীতির স্থায়ী চাপ অব্যাহত রয়েছে। এর ফলে ফেডারেল রিজার্ভের আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রত্যাশা জোরালো হচ্ছে।’
মঙ্গলবার তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ছিল। সৌদি আরবের অবকাঠামোতে হুথিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরের কারণে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির আশঙ্কা বেড়েছে। ব্যবসায়ীরা তেলের দামে সেই ঝুঁকির প্রভাব হিসাব করছেন।
ইভানজেলিস্তা আরও বলেন, ‘অক্টোবরে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তাই ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে ফেডের দিকনির্দেশনার ওপরই মূলত নজর থাকবে।’
ফেডের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মুদ্রানীতি আরও কঠোর করার বিষয়ে তাড়াহুড়োর ইঙ্গিত না থাকায় ২৭ ও ২৮ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর প্রত্যাশা কিছুটা কমেছে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তাঁদের হিসাবে এ সম্ভাবনা ৯০ শতাংশ।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, বিনিয়োগকারীরা তখন সুদ বা মুনাফা পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝোঁকেন।
এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশ করা হবে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডের পছন্দের এই সূচকের তথ্য থেকেও সুদের হারসংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের বিষয়ে ধারণা পেতে চাইছেন বিনিয়োগকারীরা।
অন্যদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা বলেছেন, দেশটিতে অন্তর্নিহিত মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার বেশ কাছাকাছি রয়েছে। তাঁর এ বক্তব্যে জাপানে আরও সুদের হার বাড়ানোর সুযোগ থাকার ইঙ্গিত পাওয়া গেছে।
মূল্যবান অন্যান্য ধাতুর বাজারেও মঙ্গলবার মিশ্র চিত্র দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯৩১ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম কমেছে ০.৯ শতাংশ; প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ