×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

২০২৬ অক্টোবর ১৪ ১৮:৪৬:৫৩

বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক: একাডেমিক ও পেশাগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে এ চুক্তি সম্পন্ন হয়।

বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির জিএম এডমিন জেসমিন আরা বেগম এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ. টি. এম. আব্দুল বারী ড্যানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিন কমডোর মো. বেনজির মাহমুদ (ই), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সাদিকুল বারী, লেকচারার মো. রিয়াদ খান, মো. জুবায়ের মিয়া ও রাব্বি রায়হান।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির পরিচালক বাণিজ্য এস এম আশিকুজ্জামান, পরিচালক অর্থ শেখ মু. নাসিম, চিফ ইঞ্জিনিয়ার মো. জিয়াউল ইসলাম, জিএম মেরিন বাপ্পী কুমার অধিকারী, জিএম কমার্স মো. সফিকুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ. টি. এম. আব্দুল বারী ড্যানী বলেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিআইডব্লিউটিসিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। অন্যদিকে, মেরিটাইম-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির কাছ থেকে লজিস্টিকস সহযোগিতা নেবে বিআইডব্লিউটিসি।

তিনি বলেন, মেরিটাইম খাতের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সঙ্গে এ সমঝোতা দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিনিধিদের শুভেচ্ছার নিদর্শন হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, পরিচালক ও অন্যান্য কর্মকর্তাকে গবেষণা সাময়িকী এবং উপহারসামগ্রী প্রদান করা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, এই সহযোগিতা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বিআইডব্লিউটিসি দুই পক্ষের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত