×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

‘ইশরাক কাজটি ভালোই করেছেন, অস্ত্র নেওয়া ঠিক হয়নি’

২০২৬ অক্টোবর ২০ ১৫:২৩:৪৩

‘ইশরাক কাজটি ভালোই করেছেন, অস্ত্র নেওয়া ঠিক হয়নি’

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের নিজেদের সংশোধন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ঢাকায় একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে। এ কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। একইভাবে গতকাল প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথ আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইশরাক কাজটি ভালোই করেছেন। পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে তিনি সেখানে গিয়েছিলেন। তবে তাঁর হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। এটি তাঁর মতো একজন মন্ত্রীর সঙ্গে মানানসই নয়।

স্পিকার বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রীর সঙ্গে দেহরক্ষী রয়েছেন। পুলিশ বাহিনী দুর্বল হলে দলীয় কর্মীবাহিনীও যেতে পারে। কিন্তু মন্ত্রী পর্যায়ের একজন নেতার হাতে অস্ত্র থাকা সেটি বৈধ হোক বা অবৈধ কোনোটিই শোভনীয় নয়। এ কারণেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে দুর্বৃত্তদের দমনে ইশরাকের উদ্যোগকে ভালো উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ ভবিষ্যতে নিশ্চয়ই তাঁর এই কাজের মূল্যায়ন করবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে স্পিকার বলেন, তাঁদের সামনে দুটি উদাহরণ রয়েছে। অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে আপসহীন অবস্থানে রয়েছেন। এ কারণে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসনের পর জনগণ একটি ভালো ও নির্বাচিত সরকার পেয়েছে। জনগণের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংসদ পরিচালনায় নিজের নিরপেক্ষতা প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি নিরপেক্ষভাবে সংসদের কার্যক্রম পরিচালনার চেষ্টা করেন। বিরোধী দলের সদস্যরাও এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি। সংসদে সবাইকে কথা বলার সমান সুযোগ দিয়েছেন তিনি। সরকারি দলের মন্ত্রী কিংবা বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারের সমালোচনা করলে কখনো কারও কণ্ঠ রোধ করার চেষ্টা করেননি।

তিনি বলেন, গণতন্ত্রে সরকারি দল ও বিরোধী দল উভয়েরই ভূমিকা রয়েছে। তাই সংসদে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা করেছেন তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদিক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত