×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ

২০২৬ অক্টোবর ১৪ ১২:২৭:১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার (১৪ অক্টোবর)। বিকাল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে। আবেদন চলবে আগামী ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

গত রোববার (১১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভর্তির এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার শেষ সময় ১৬ নভেম্বর। কলেজ কর্তৃপক্ষকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন নিশ্চয়ন করতে হবে।

আবেদনের যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রির পরিবর্তে পাশ ডিগ্রি অর্জনকারীরা এ ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবেন না।এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) অথবা মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা জিপিএ ২.২৫ অর্জনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক (পাশ) নিয়মিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ থাকতে হবে।প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) অথবা মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ নেই। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে আগে অধ্যয়ন করে উত্তীর্ণ হতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত বা প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ কিংবা অন্য কোনো প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন না। কেউ দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র

প্রাথমিক আবেদন ফি ১ হাজার টাকা। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ৮৫০ টাকা এবং সংশ্লিষ্ট কলেজের অংশ ১৫০ টাকা। নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে এ অর্থ জমা দেওয়া যাবে।অনলাইনে আবেদন ফরম পূরণের সময় স্নাতক (সম্মান), স্নাতক (পাশ), প্রিলিমিনারি টু মাস্টার্স অথবা মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার প্রয়োজনীয় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পাসের সাল দিতে হবে। পাশাপাশি ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবিও স্ক্যান করে আপলোড করতে হবে।

ছবির মাপ হতে হবে ১২০×১৫০ পিক্সেল। ফাইলের ধরন JPG এবং সর্বোচ্চ আকার ৫০ কিলোবাইট নির্ধারণ করা হয়েছে। ফরম পূরণ শেষে সেটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করে স্নাতক পর্যায়ের নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি-সংক্রান্ত অঙ্গীকারনামা ও আবেদন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

মেধাতালিকা ও ফল জানার নিয়ম

আবেদনকারীদের স্নাতক পর্যায়ের ফলাফলের ভিত্তিতে কলেজ ও বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রস্তুত করা হবে। একাধিক প্রার্থীর মেধাক্রম একই হলে কম বয়সি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম মেধাতালিকা, কোটা ও রিলিজ স্লিপের মাধ্যমে ধাপে ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।ভর্তির মেধাতালিকার ফল জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশন, সংশ্লিষ্ট কলেজ অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে। এসএমএসে ফল জানতে ‘nu athn roll no’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus ও Important Notice অপশনে পাওয়া যাবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত