×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নি’হত ১৪, আহত অন্তত ৩০

২০২৬ অক্টোবর ২০ ১০:৩৭:১৮

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নি’হত ১৪, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওসি মো. মনিরুজ্জামান জানান, গতকাল রাতে কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে আরপি পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাত্রা করে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বাসটি বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের নয়জন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বাস ও ট্রাক সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত